
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে এক বিএনপি নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত সাইফুল ইসলাম উপজেলার নোয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে করিমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির।
গণমাধ্যম সূত্রে জানা যায়, এ নেতা দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের উদ্দেশ্যে গোপনে মজুদ করে রাখে। খবর পেয়ে নোয়াবাদ ইউনিয়নের বোর্ডবাজার এলাকার একটি পরিত্যক্ত দোকানঘরকে কেন্দ্র করে প্রশাসনের নজরদারি শুরু করে। পরে গত বুধবার (২০ মে) দিবাগত রাত প্রায় ১০টার দিকে উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে প্রশাসনের কর্মকর্তারা পরিত্যক্ত দোকানঘরটিতে তল্লাশি চালিয়ে সরকারি ভিজিএফের ৯ বস্তা চাল উদ্ধার করে। উদ্ধার হওয়া চালগুলো গোপনে মজুদ করে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয় প্রশাসন। পরে ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয় এবং চাল মজুদের সঙ্গে জড়িতদের শনাক্তে তাৎক্ষণিক অনুসন্ধানে বিএনপির স্থানীয় ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম জড়িত থাকা নিশ্চিত হয়। এ সময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়।
পরে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে, বিএনপির এই নেতা জরিমানার টাকা পরিশোধ করেই মুক্তি পায়।
তথ্যসূত্র:
১। ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে বিএনপি নেতাকে জরিমানা
– https://tinyurl.com/mxpjrxfk


