
নিজের ৫ বছর এবং ২৮ দিন বয়সী দুই শিশু সন্তানকে মানব পাচারকারী চক্রের কাছে মাত্র ২ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে এক বাবা। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে শিশুদের পিতাসহ মানব পাচার চক্রের ৩ সদস্যকে। গত ১৮ মে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অপহৃত দুই শিশুকে উদ্ধার করা হয়।
গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বুকস গার্ডেন এলাকা থেকে পাঁচ বছর বয়সী শিশু আরিয়ান ও ২৮ দিন বয়সী শিশু আব্দুর রহমান জুবায়েত তাদের পিতা পাচারকারীদের কাছে বিক্রি করে দেয়। এ ঘটনায় শিশুদের মা ঝর্না আক্তা বাদী হয়ে তার স্বামী মো: মেজবাহ উদ্দিন ও এমদাদুল হক রব্বানীসহ কয়েক জনের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন।
পিবিআই গত ১৮ এপ্রিল ঢাকার বনানী কড়াইল বস্তির টিএনটি গেইট এলাকা থেকে মূল আসামী এমদাদুল হক রাব্বানীকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারের আড়াপাড়া নিঝুমনিবাস এলাকা থেকে অপহৃত শিশু আরিয়ানকে উদ্ধারসহ মেজবাহ উদ্দিনকে গ্রেফতার করা হয়। পল্লবী থানার একটি বাসা থেকে নূর-ই-নাসরিনকে গ্রেফতার এবং তার হেফাজত হতে ২৮ দিন বয়সী শিশু আব্দুর রহমান জুবায়েতকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে শিশুদের পিতা মেজবাহ উদ্দিন আদালতে নিজের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
জানা যায়, রাব্বানী একটি সংঘবদ্ধ মানব পাচার চক্রের সক্রিয় সদস্য। সে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সহযোগীদের সহায়তায় দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকার দরিদ্র ও অসচ্ছল পরিবারকে টার্গেট করে অর্থের প্রলোভন ও কৌশলে শিশু সংগ্রহ করে পাচার করত। পূর্বেও একাধিক শিশু পাচারের তথ্য পাওয়া গেছে।
এছাড়া শিশুদের পিতা ও মামলার প্রধান আসামি মেজবাহ মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত বলে জানা গেছে। এসব কারণে তার আর্থিক সংকট সৃষ্টি হলে অর্থের প্রয়োজন মেটাতে এবং দ্রুত টাকা আয়ের উদ্দেশ্যে সে নিজের দুই শিশুসন্তানকে মানব পাচার চক্রের সদস্যদের কাছে ২ লক্ষ ৭০ হাজার টাকায় বিক্রি করে।
তথ্যসূত্র:
১। নেশার টাকা জোগাতে আড়াই লাখে দুই সন্তানকে বিক্রি করলেন বাবা
– https://tinyurl.com/364r2638


