গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসন থামছে না। সোমবার গাজার বিভিন্ন এলাকায় নতুন করে চালানো বিমান হামলায় এক নারী ও তার কন্যাশিশুসহ অন্তত ৮ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। একই সঙ্গে গাজার বিভিন্ন অঞ্চলে স্থল অভিযান ও বেসামরিক অবকাঠামো ধ্বংসের কার্যক্রমও অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী।
গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনুসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয়স্থল তাঁবু লক্ষ্য করে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় এক নারী ও তার কন্যাশিশু শহীদ হন। হামলায় তাঁবুগুলো এবং বাস্তুচ্যুত মানুষের ব্যবহৃত সামগ্রী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কিছুক্ষণ আগে একই এলাকার সমুদ্রসৈকত সংলগ্ন একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই ফিলিস্তিনি শহীদ এবং ২৭ জন আহত হন। আহতদের নাসের মেডিকেল কমপ্লেক্স, কুয়েতি হাসপাতাল ও আল-মাওয়াসি ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে খান ইউনুসের পূর্বাঞ্চলের বানি সুহাইলা মোড়ের কাছে বেসামরিক মানুষের একটি সমাবেশে দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও একজন ফিলিস্তিনি শহীদ এবং এক কিশোরী আহত হয়েছে। একই সাথে মধ্য গাজার দেইর আল-বালাহর আল-বারাকা সড়কে বেসামরিক মানুষের ওপর ড্রোন হামলায় এক শিশুসহ আরও তিন ফিলিস্তিনি শহীদ এবং কয়েকজন আহত হন।
উত্তর গাজার বেইত লাহিয়ার আল-সালাতিন এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে এক যুবক ও এক নারী আহত হয়েছেন। একই সময়ে খান ইউনুসের উত্তর-পূর্বাঞ্চলে সন্ত্রাসি ইসরায়েলি বাহিনী একাধিক ভবন ও স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রবল বিস্ফোরণ ও ভারী গুলিবর্ষণের শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চালানো ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১ হাজার ৪৫ ফিলিস্তিনি শহীদ এবং ৩ হাজার ৩৮০ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আর ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ এবং ১ লাখ ৭৩ হাজারেরও বেশি আহত হয়েছেন। পাশাপাশি গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
তথ্যসূত্র
1.Fresh Israeli strikes kill 8 in Gaza despite ceasefire
– https://tinyurl.com/fffmvtzj


