
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে নিজেদের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি ‘এমকিউ-৯’ (MQ-9) ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইরান।
৮ জুলাই, বুধবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে আইআরজিসির নৌ ও বিমান বাহিনী যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করেছে।
আইআরজিসি এক জরুরি সামরিক বিবৃতিতে স্পষ্ট করেছে যে এই বিধ্বংসী হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর বা ফিফথ ফ্লিটের প্রধান ঘাঁটি এবং কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিকে সরাসরি নিশানা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোর মোট ৮৫টি নির্দিষ্ট স্পটে এই নিখুঁত আক্রমণ চালানো হয়েছে বলে তারা দাবি করেছে।
ইরানের সামরিক নীতিনির্ধারকেরা এই যৌথ অভিযানটিকে আমেরিকার যুদ্ধবিরতি এবং ইসলামাবাদ চুক্তি লঙ্ঘনের বিরুদ্ধে একটি ‘প্রাথমিক প্রতিক্রিয়া’ হিসেবে বর্ণনা করেছেন। বুধবার সকালের দিকে মার্কিন বিমানবাহিনী ইরানের হরমুজগান ও মাহশাহর এলাকার বেশ কয়েকটি উপকূলীয় সামরিক ঘাঁটি এবং অসামরিক স্টেশনের ওপর বিমান হামলা চালানোর পর তেহরান এই পাল্টা পদক্ষেপ গ্রহণ করে।
তথ্যসূত্র
1. Iran targets sites in Bahrain, Kuwait after wave of US strikesl-Hawa
– https://tinyurl.com/2u8de7ap
2. Iran live updates: Iran launches attacks on Kuwait, Bahrain after latest US strikes
– https://tinyurl.com/mrfssj9h


