
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১১) জোরপূর্বক ধর্ষণ করেছে স্থানীয় এক বিএনপি নেতা। এ ঘটনার পর ৫০ হাজার টাকার বিনিময়ে মামলা না করতে চাপ দেওয়ার ঘটনাও ঘটেছে। অভিযুক্ত বিএনপি নেতা জজ মিয়া উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলীনগর গ্রামের আবদুল গফুরের ছেলে। সে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট সকালে ওই শিশু শিক্ষার্থী বাড়ির পাশের একটি জমিতে লাকড়ি শুকাতে যায়। এ সময় আশপাশে কেউ না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত জজ মিয়া তার মুখে গামছা পেঁচিয়ে কণ্ঠরোধ করে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে মুখে চাপা দেওয়া গামছা সরিয়ে শিশুটি চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। এবং অভিযুক্ত বিএনপি নেতাকে ধরে আটকে রাখে।
বর্বরোচিত এ ঘটনা ধামাচাপা দিতে গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে সালিশি দরবারে ৫০ হাজার টাকার বিনিময়ে মীমাংসার জন্য প্রস্তাব দেয় অভিযুক্ত ওই বিএনপি নেতা। এমনকি প্রভাবশালী চক্রের লোকজন জজ মিয়াকে ছাড়িয়ে নিয়ে যায়।
পরে শিশুটির বাবা মীমাংসার প্রস্তাবকে উপেক্ষা করে জজ মিয়ার বিরুদ্ধে গত ১৪ আগস্ট কুলিয়ারচর থানায় মামলা দায়ের করেছেন। তবে, এখন পর্যন্ত অভিযুক্ত বিএনপি নেতাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
তথ্যসূত্র:
১। শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, মামলা না করতে চাপ
– https://tinyurl.com/yhm8nwrc


