
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে আছড়ে পড়েছে প্রাক-শরতের শক্তিশালী ঝড় ‘নর’ইস্টার’। ঝড়ো হাওয়া, প্রবল বর্ষণ ও তীব্র জলোচ্ছ্বাসে বিপর্যস্ত হয়ে পড়েছে নিউইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট ও ম্যাসাচুসেটসের বিস্তীর্ণ এলাকা।
টানা বর্ষণ ও উত্তাল সমুদ্রের ঢেউয়ের কারণে একাধিক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে নিউইয়র্ক ও নিউ জার্সিসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় গভর্নররা।
মার্কিন জাতীয় আবহাওয়া সংস্থার (এনডব্লিউএস) তথ্য অনুযায়ী, আটলান্টিক মহাসাগরে সৃষ্ট এই শক্তিশালী নিম্নচাপটি ঘণ্টায় প্রায় ৫০ থেকে ৭০ মাইল বেগে উত্তর-পূর্বাঞ্চলের উপকূলগুলোতে আঘাত হানছে। বোস্টন, কেপ কড, লং আইল্যান্ড ও নিউ জার্সির উপকূলীয় এলাকাগুলোতে জলোচ্ছ্বাসের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সাগরের ৮ থেকে ২০ ফুট উঁচু ঢেউয়ের আঘাতে উপকূলবর্তী বাঁধ, রাস্তাঘাট ও অবকাঠামোর মারাত্মক ক্ষতি হচ্ছে।
বিদ্যুৎ সরবরাহ ট্র্যাকিং ওয়েবসাইট পাওয়ারআউটেজ.কম-এর তথ্যমতে, শক্তিশালী ঝড়ে গাছপালা উপড়ে গিয়ে বিদ্যুৎ লাইনের ওপর পড়ায় এরই মধ্যে নিউইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট ও পেনসিলভ্যানিয়ার এক লাখেরও বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। নিউ জার্সির পয়েন্ট প্লিজেন্ট ও প্লাইমাউথসহ উপকূলীয় এলাকার প্লাবিত সড়কগুলোতে সাধারণ মানুষকে চলাচলের জন্য কায়াক ব্যবহার করতে দেখা গেছে। অনেক স্থানে নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যেতে অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আবহাওয়ার মারাত্মক অবনতির কারণে আকাশ ও জলপথের যোগাযোগ ব্যবস্থা বড় ধরনের ধাক্কা খেয়েছে। বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরসহ ওই অঞ্চলের বিভিন্ন বিমানবন্দরে ৪ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে এবং প্রায় দেড় হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। কেপ কড, মার্থাস ভেনইয়ার্ড ও নানটুকেটগামী সব ফেরি সার্ভিস নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছে, ধীরগতির এই নর’ইস্টার ঝড়টি উপকূলীয় এলাকায় থমকে থাকায় এর প্রভাব আরও কিছুদিন স্থায়ী হতে পারে। বিশেষ করে গাছে এখনও পাতা পূর্ণ থাকায় প্রবল বাতাসে গাছ ভেঙে পড়ার ঝুঁকি তুলনামূলক বেশি। জরুরি প্রয়োজন ছাড়া স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তথ্যসূত্র
1. Heavy Rain and Wind Batter Northeast, Bringing Coastal Flooding
– https://tinyurl.com/5n883yr3


