
গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক আগ্রাসনে এখন পর্যন্ত ২৬২ জন ফিলিস্তিনি সাংবাদিক শহীদ হয়েছেন বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। এ সময় আহত হয়েছেন আরও ৪৩৩ সাংবাদিক। ২৬ সেপ্টেম্বর, শনিবার ‘ফিলিস্তিনি সাংবাদিকদের সঙ্গে সংহতি দিবস’ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস।
বিবৃতিতে বলা হয়, শহীদ সাংবাদিকদের মধ্যে ২৬ জন নারী সাংবাদিক রয়েছেন। এছাড়া যুদ্ধ শুরুর পর সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী ৫০ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে গ্রেফতার করেছে। বর্তমানে তাদের মধ্যে ২৩ জন বন্দী রয়েছেন বলে জানায় সংগঠনটি।
গাজার সরকারি মিডিয়া অফিস আরও জানায়, সন্ত্রাসী ইসরায়েলি হামলায় গণমাধ্যম খাতে ৮০০ মিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় ১২টি প্রিন্ট মিডিয়া অফিস, ২৩টি ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠানের কার্যালয়, ১২টি স্থানীয় রেডিও স্টেশন, ১৬টি টেলিভিশন ও স্যাটেলাইট চ্যানেল, ২৭টি ছাপাখানা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা পাঁচটি প্রতিষ্ঠানের কার্যালয় সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে।
মিডিয়া অফিসের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে প্রায় ৭৪ হাজার মানুষ শহীদ এবং ১ লাখ ৭৫ হাজার মানুষ আহত হয়েছেন। এছাড়া বেসামরিক অবকাঠামোর প্রায় ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। এতে সাংবাদিকসহ আরও ১ হাজার ৪০৮ ফিলিস্তিনি শহীদ এবং ৪ হাজার ৯১৬ জন আহত হয়েছেন বলে জানায় গাজার সরকারি মিডিয়া অফিস।
তথ্যসূত্র
– 262 Palestinian journalists killed by Israel since Gaza war: Media office
– https://tinyurl.com/2n8tndcs


