
দেশীয় শিল্পের বিকাশ ও আমদানিনির্ভরতা কমানোর পথে আরও এক ধাপ এগোল আফগানিস্তান। হেরাত শিল্পনগরীতে প্রথমবারের মতো মোটরসাইকেল, রিকশা, সাইকেলসহ বিভিন্ন ছোট যানবাহনের টিউব উৎপাদনকারী কারখানার কার্যক্রম শুরু হয়েছে। নতুন এই শিল্পপ্রতিষ্ঠান স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উৎপাদন খাতকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
পাঁচ মিলিয়ন ডলার বিনিয়োগে প্রতিষ্ঠিত কারখানাটিতে বিভিন্ন আকারের টিউব তৈরি করা হচ্ছে। পরীক্ষামূলক উৎপাদন পর্যায়েই প্রতিদিন ১০ হাজার টিউব উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে কারখানাটির একটি উৎপাদন ইউনিট চালু রয়েছে।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে আরও উৎপাদন ইউনিট চালু এবং নতুন যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে এখানে প্রায় ৫০০ মানুষের সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
উল্লেখ্য, হেরাত শিল্পনগরীতে বর্তমানে প্রায় ১ হাজার ৫০০টি উৎপাদনমুখী কারখানা চালু রয়েছে। নতুন টিউব কারখানার সংযোজন প্রদেশটির শিল্পভিত্তি আরও সম্প্রসারণের পাশাপাশি দেশীয় পণ্য উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এ ধরনের শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়লে স্থানীয় চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং আফগানিস্তানের শিল্প ও অর্থনীতির স্বনির্ভরতা অর্জনের পথ আরও সুগম হবে।
তথ্যসূত্র :
1. First Inner Tube Factory Opens in Herat
– https://tinyurl.com/muzvsp62

