
দক্ষিণ লেবাননে বর্বর ইসরায়েলি বিমান হামলায় তিন শিশুসহ অন্তত ১১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় সময় ১৫ আগস্ট, শনিবার ভোরে আনসার গ্রামের উপকণ্ঠে একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালালে ৭ জন নিহত হয়। হামলায় ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না দেখতে এবং নিহতদের মরদেহ উদ্ধারে উদ্ধারকর্মীরা সেখানে অভিযান চালান।
এর কয়েক ঘণ্টা পর দেইর আল-জাহরানি শহরের একটি বাড়িতে আরেকটি বিমান হামলা চালানো হয়। এতে দুজন নিহত ও ৯ জন আহত হয়। হামলার পর শহরের রাস্তাগুলো ধ্বংসস্তূপ ও ধোঁয়ায় ছেয়ে যায়।
এ ছাড়া নাবাতিয়েহ শহরের কাছে একটি মোটরসাইকেল লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা চালায়। এতে মোটরসাইকেলটির চালক গুরুতর আহত হন।
সন্ত্রাসী ইসরায়েলের এই হামলাকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে নিন্দা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। তিনি বলেন, নিহত সাতজন এবং শিশু-নারীরা কোনো সামরিক লক্ষ্যবস্তু বা অবকাঠামো ছিলেন না।
গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতার পর লেবাননে সহিংসতা অনেকটাই কমে গিয়েছিল। তবে সম্প্রতি ইসরায়েলের এমন বিক্ষিপ্ত হামলায় সাধারণ মানুষের মৃত্যু এবং বাড়িঘর ধ্বংসের ঘটনা আবার বাড়ছে।
তথ্যসূত্র
1.Lebanon says Israeli strikes in south of the country kill at least 11
– https://tinyurl.com/jbberxcf


