
বগুড়া শহরে শিক্ষার্থীর গাছের ডালের আঘাতে আহত হয়েছেন এক শিক্ষক। সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষকের নাম রায়হান ইসলাম। তিনি বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শরীরচর্চা শিক্ষক।
অন্যদিকে অভিযুক্ত শিক্ষার্থী রিয়াদ ইসলাম কিরণ একই শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির ছাত্র ও সদর উপজেলার রজাকপুর গ্রামের বিপুল মিয়ার ছেলে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, স্কুলে শাসনের জের ধরে শরীরচর্চা শিক্ষককে রাস্তায় গাছের ডাল দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে সপ্তম শ্রেণির এ শিক্ষার্থী। এতে ওই শিক্ষকের থুতনিতে আটটি সেলাই দিতে হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান গণমাধ্যমে জানায়, সোমবার বিকেলে স্কুল ছুটির পর শিক্ষক রায়হান ইসলাম মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে এপিবিএনের সামনে গাছের ডাল হাতে ওত পেতে ছিল কিরণ। শিক্ষক ওই স্থানে পৌঁছালে তাকে থামতে বলে সে। শিক্ষক মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে কিছু বুঝে ওঠার আগেই গাছের ডাল দিয়ে তার মুখ ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায় কিরন।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ বিক্ষোভ হয়েছে। পরে কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থীকে স্কুল থেকে বহিষ্কার ও আইনি ব্যবস্থার আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিক্ষোভ তুলে নেয়। পরে মঙ্গলবার সকালে কিরণকে স্কুল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়।
তথ্যসূত্র:
১। শিক্ষার্থীর গাছের ডালের আঘাতে শিক্ষক আহত, প্রতিবাদে বিক্ষোভ
– https://tinyurl.com/3kejareb


