কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১২ বছরের শিশুকে চেতনানাশক খাইয়ে অচেতন করে অটোরিকশা ছিনতাই

0
3

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার কয়েক ঘণ্টা পর আগরপুর-মনোহরপুর সড়কের পাশের ফসলি জমিতে ১২ বছর বয়সী শিশু জুবায়েদকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে স্থানীয় তিন যুবক তুষার, আশিক ও মামুন সড়ক দিয়ে যাওয়ার সময় শিশুটিকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে। প্রাথমিক অবস্থায় জুবায়েদ কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলেছিল এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে স্থানীয় একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উদ্ধারকৃত শিশুর ছবিসহ পোস্ট দেওয়ার পর পরিবারের সদস্যরা তার পরিচয় নিশ্চিত করেন। ধারণা করা হচ্ছে, পূর্বপরিকল্পিতভাবে কোনো চেতনানাশক ওষুধ খাইয়ে শিশুটিকে অচেতন করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং অটোরিকশাটি এখনো উদ্ধার করা যায়নি।

ভুক্তভোগী শিশুটির মা ইয়াসমিন আক্তার ও বাবা আব্দুল কাদিরের অভিযোগ, অটোরিকশাটি বিক্রির উদ্দেশ্যে গ্যারেজে রাখা ছিল এবং জুবায়েদ জোর করে তা চালানোর অনুমতি নিয়ে বের হয়েছিল।

পরিবারের দাবি, শিশুটি অটোরিকশা নিয়ে খুব বেশি দূরে যাওয়ার কথা ছিল না, কিন্তু দুর্বৃত্তরা সুকৌশলে তাকে প্রলোভন দেখিয়ে নির্জন এলাকায় নিয়ে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন জুবায়েদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসকেরা জানিয়েছেন, কোনো শক্তিশালী রাসায়নিক বা চেতনানাশক পদার্থের প্রভাবে শিশুটি জ্ঞান হারিয়েছিল। ১২ ঘণ্টা পর্যবেক্ষণের পর তার প্রকৃত শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন মেডিকেল অফিসার মিনহাজুল ইসলাম।

শিশুটির বাবা আব্দুল কাদির একজন সাধারণ শ্রমিক, যার পরিবারের উপার্জনের অন্যতম মাধ্যম ছিল এই অটোরিকশা। ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার না হওয়া এবং অপরাধীরা ধরা না পড়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আরিফ জানিয়েছেন, এখন পর্যন্ত এ-সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ থানায় করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


তথ্যসূত্রঃ
https://tinyurl.com/2medarc8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনাটোরের লালপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে নারীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধসরকারি স্কুলের দুরবস্থা নিয়ে প্রশ্ন তোলায় পশ্চিমবঙ্গের এক মুসলিম পরিবারের ওপর হিন্দুত্ববাদীদের হামলা, নিহত ১