জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি সেবা পৌঁছে দেওয়া, পুনর্গঠন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং মানুষের সমস্যার সমাধান করা ইমারাতে ইসলামিয়ার অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন বাদাখশানের গভর্নর মৌলভী রহমতুল্লাহ নাজিব হাফিযাহুল্লাহ। শাহাদা জেলা সফরকালে উপজাতীয় প্রবীণ, ধর্মীয় আলেম, যুবসমাজ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মৌলভী রহমতুল্লাহ নাজিব বলেন, অতীতের সংঘাতের সময়ে শাহাদা জেলার জনগণ যে ত্যাগ স্বীকার করেছেন, ইমারাতে ইসলামিয়া তা গভীরভাবে উপলব্ধি করে। জনগণের সমস্যাগুলো সমাধানে সামর্থ্য ও সম্পদের সর্বোচ্চ ব্যবহার করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
তিনি বলেন, জনগণের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়া, পুনর্গঠন কার্যক্রম বাস্তবায়ন এবং বিভিন্ন অবকাঠামো প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া ইমারাতে ইসলামিয়ার অন্যতম প্রধান লক্ষ্য।
এ সময় শাহাদা জেলার বাসিন্দারা এলাকার সঙ্গে সংযোগ স্থাপনকারী সড়ক নির্মাণে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য বাদাখশানের গভর্নরের প্রতি আহ্বান জানান। তাদের মতে, যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলে জেলার বিভিন্ন এলাকার মানুষের চলাচল ও সেবা পাওয়ার সুযোগ আরও সহজ হবে।
বাদাখশানের গভর্নর স্থানীয় কর্মকর্তাদের নিরাপত্তা পরিস্থিতি, জনসেবা এবং জনগণের সমস্যাগুলো দ্রুত সমাধানের বিষয়ে আরও জোরালোভাবে কাজ করার নির্দেশ দেন। জনগণের প্রয়োজন অনুযায়ী সেবা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
তথ্যসূত্র
1. Service Delivery, Reconstruction Among Key Goals of Islamic Emirate
– https://tinyurl.com/3dssk6f3


