নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ না করায় প্রবাসীকল্যাণ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে আক্ষেপ, যুবককে থানায় নিল পুলিশ

0
4

সিলেটের কোম্পানীগঞ্জে পাথর কোয়ারী না খোলায় আক্ষেপ প্রকাশ করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় জুবায়ের আহমদ (৩২) নামে এক শিক্ষক ও পাথর ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে তাকে থানায় নেওয়া হয়।

আটককৃত জুবায়ের আহমদ (৩২) কোম্পানীগঞ্জের কলাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন পাথর ব্যবসায়ী ও স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর) আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী বর্তমানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর দায়িত্বে রয়েছে। আর এই আসনের বাসিন্দা জুবায়ের আহমদ। সীমান্তঘেঁষা এই অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস বালু ও পাথর কোয়ারি। গত ১২ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এক নির্বাচনী জনসভায় আরিফুল হক চৌধুরী প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচনে বিজয়ী হলে তার পরদিনই পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া হবে। কিন্তু নির্বাচনের সাত মাস পার হয়ে গেলেও কোয়ারি না খোলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে এটি নিয়ে চাপা ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আক্ষেপ প্রকাশ করে আসছেন।

এরই ধারাবাহিকতায় গত ৮ অক্টোবর রাতে জুবায়ের আহমদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করার তিনটি ছবি আপলোড করে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, ‘১২ তারিখ নির্বাচনের পরে ১৩ তারিখ সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ার কথা ছিলো। অথচ কিছুই ঠিক হলো না। মন্ত্রী মহোদয় আমাদের জীবন কঠিন থেকে কঠিনতম করে দিলেন।’

পোস্টটি প্রকাশের পর থেকেই স্থানীয় ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সেখানে অনেকেই কোয়ারি না খোলার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন। মঙ্গলবার রাত ১০ টা পর্যন্ত পোস্টটিততে ৬৭৫টি রিয়েক্ট ও ৮১ টি কমেন্ট এবং ১৫ টি শেয়ার হতে দেখা যায়। বেশিরভাগ কমেন্টেই পাথর কোয়ারী খুলে না দেওয়ায় মন্ত্রীর প্রতি আক্ষেপ করতে দেখা যায়।

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উছমান গনি সাংবাদিকদের জানায়, জুবায়ের নামের এক তরুণকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাকে এখনও আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি। মন্ত্রীর ছবি দিয়ে তার ফেসবুক আইডিতে আজেবাজে মন্তব্য ও ছবি পোস্ট করার অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্ত যুবকের ফেসবুক আইডি, পোস্ট এবং কমেন্টগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তবে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে কি না বা ছেড়ে দেওয়া হবে কি না, সে বিষয়ে তদন্ত ও যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানায় ওসি উছমান গনি।


তথ্যসূত্র:
১। সিলেটে মন্ত্রী আরিফুল হক ও পাথর কোয়ারি নিয়ে পোস্ট, যুবক আ ট ক
– https://tinyurl.com/3wcwarur

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমবঙ্গের শিলিগুড়িতে কেবল হিন্দুদের পরিচালিত দোকান থেকে মাংস ও বিরিয়ানি কিনতে প্রচারণা চালাচ্ছে আরএসএস সমর্থিত উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু জাগরণ মঞ্চ’
পরবর্তী নিবন্ধ“সেদিন থেকে আমাদের হাতে থাকা তোমাদের বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্তও কার্যকর হবে”: আমেরিকার প্রতি আল-কায়েদার সতর্কবার্তা