স্লোগান দিয়ে গোপালগঞ্জের হাসপাতালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ আওয়ামী সন্ত্রাসীদের, নবজাতকদের নিয়ে আতঙ্কে ছোটাছুটি স্বজনদের

0
1

গোপালগঞ্জের থানাপাড়া এলাকায় অবস্থিত আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চিকিৎসাধীন রোগী ও নবজাতকদের নিয়ে হাসপাতাল ছেড়েছেন আতঙ্কিত স্বজনেরা। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী নেতাকর্মীরা গোপালগঞ্জ সদর আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন এই প্রতিষ্ঠানে হামলা চালায়।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, হামলার সময় হাসপাতালের চেয়ার–টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম বাইরে বের করে আগুন ধরিয়ে দিলে পুরো পাঁচতলা ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্বজনেরা ভর্তি থাকা শিশুদের কোলে নিয়ে দ্রুত বের হয়ে যান।

রাত পৌনে আটটার দিকে এক মধ্যবয়সী নারী নবজাতককে কোলে নিয়ে দৌড়ে হাসপাতাল থেকে বের হয়ে এক স্বজনের সহায়তায় রিকশায় ওঠেন। ওই নারী সাংবাদিকদের জানান, গত রবিবার (১৫ নভেম্বর) তার মেয়ের সন্তান জন্ম নেওয়ার পর এমন পরিস্থিতির মুখোমুখি হতে হলো। হাসপাতালটির নিচতলায় প্যাথলজি, ল্যাব ও চিকিৎসকদের চেম্বারের পাশাপাশি একটি কক্ষ কার্যালয় হিসেবে ব্যবহার করতো সংসদ সদস্য কে এম বাবর। হামলার শিকার হাসপাতালের পাশের একটি ভবনে তিনি ভাড়া থাকেন, তবে বর্তমানে ওই বাড়িতে কেউ নেই।

সংসদ সদস্য কে এম বাবর গণমাধ্যমকে জানায়, হাসপাতালে অনেক রোগী ভর্তি থাকা অবস্থায় এবং দিনে সিজার (অস্ত্রোপচার) হওয়া সত্ত্বেও সেখানে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। যুদ্ধের সময়ও কেউ হাসপাতালে আক্রমণ করে না উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এ কী শুরু হয়েছে।

হাসপাতালে হামলার পাশাপাশি সন্ধ্যার পর গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া এবং অবস্থান বিক্ষোভ করে সন্ত্রাসী ছাত্রলীগের নেতা–কর্মীরা। সন্ধ্যা সোয়া সাতটার পর শহরের পাচুড়িয়া, কোর্ট এলাকা, লঞ্চঘাট, কাঁচাবাজার মোড়, পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকায় মোটরসাইকেলে মহড়া চলে, তবে এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো টহল ছিল না।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, শহরের বিভিন্ন দিক থেকে আসা মোটরসাইকেলের বহরগুলো লঞ্চঘাট এলাকায় জড়ো হয় এবং সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খানের নেতৃত্বে ‘খেলা খেলা খেলা হবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এর আগে বুধবার সকাল থেকে গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে সন্ত্রাসী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা। তারা রামদা ও চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে সড়কের বিভিন্ন স্থানে মহড়া দেয়। এ সময় সড়ক অবরোধের ছবি তুলতে বাধা না দিলেও দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ছবি তুলতে গেলে ছাত্রলীগের নেতা–কর্মীরা সাংবাদিকদের বাধা দেয় বলে জানা গেছে।


তথ্যসূত্র:
১। এবার স্লোগান দিয়ে বিএনপি এমপির ক্লিনিকে ছাত্রলীগের ভাঙচুর, আসবাবপত্রে আগুন
– https://tinyurl.com/3hadzp4r

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতীয় গবেষকের দাবি শেখ মুজিব ১৯৬১ সালে ভারতীয় গোয়েন্দা সংস্থায় যোগ দিয়েছিল
পরবর্তী নিবন্ধনড়াইলে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল ও জাসাস নেতা নিহত