
কিশোরগঞ্জের কটিয়াদীতে থানায় হামলা ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। একই সঙ্গে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে সামাজিক যোগাযোগমাধ্যমে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) ফেসবুকে দেওয়া একটি পোস্টে এ হুমকি দেওয়া হয়।
গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘কটিয়াদী আওয়ামী লীগ পরিবার’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে থানায় অগ্নিসংযোগের হুমকি দিয়ে পোস্ট করা হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) রাতে নাশকতার পরিকল্পনার অংশ হিসেবে তৈরি করা ৪০০টি বৈঠা উদ্ধার করে পুলিশ। কটিয়াদী উপজেলার ধুলদিয়া বাজারের একটি ফার্নিচার তৈরির দোকানে অভিযান চালিয়ে এসব বৈঠা জব্দ করা হয়। এ সময় বৈঠা তৈরির কারিগর জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তবে যার নির্দেশে এসব বৈঠা তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ, সেই রঞ্জু অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যায়।
কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম সাংবাদিকদের জানায়, ফেসবুকে ‘কটিয়াদী আওয়ামী লীগ পরিবার’ নামের অ্যাকাউন্ট থেকে থানায় আগুন দেওয়ার হুমকি দেয়া হয়।
ওসি জানায়, পোস্টটিতে কারা লাইক, কমেন্ট ও শেয়ার করেছেন এবং অ্যাকাউন্টটির বন্ধুতালিকায় কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এসব তথ্যের ভিত্তিতে হুমকিদাতাকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে এ ঘটনায় জিডি করা হয়েছে।
তথ্যসূত্র:
১। কটিয়াদী থানায় অগ্নিসংযোগের হুমকি, তদন্তে পুলিশ
– https://tinyurl.com/3342wsp4


