
বাংলাদেশে প্রচলিত বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ১৯ ধারায় বিশেষ পরিস্থিতিতে আদালতের নির্দেশ ও অভিভাবকের সম্মতিতে ১৮ বছর বয়সের আগেও বিয়ের সুযোগ রাখা হয়েছে। তবে এই বিশেষ বিধানটিও বাতিলের সুপারিশ করেছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। একই সঙ্গে বিয়ের পর নারীদের ইচ্ছেমতো বিয়ে বাতিল করার ক্ষমতা প্রদানসহ ছয়টি আইন সংস্কারের প্রস্তাব দিয়েছে সংস্থা দুটি।
প্রচলিত বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ১৯ ধারায় বলা হয়েছে, বিধি দ্বারা নির্ধারিত বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্তবয়স্কের সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশ এবং পিতা-মাতা বা আইনগত অভিভাবকের সম্মতিতে বিধি অনুযায়ী বিয়ে সম্পন্ন হলে তা এই আইনের অধীনে অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ, বিশেষ পরিস্থিতিতে আদালতের অনুমোদন নিয়ে প্রচলিত বয়সসীমার ব্যতিক্রম ঘটানোর আইনি সুযোগ রয়েছে।
তবে এই ব্যতিক্রমী সুযোগটিও পুরোপুরি বন্ধ করার সুপারিশ করেছে ইউএনএফপিএ ও ইউনিসেফ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ঢাকার একটি হোটেলে বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থার জ্যেষ্ঠ সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক সংলাপে এসব সুপারিশ তুলে ধরে তারা।
সংলাপে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এবং বাল্যবিবাহ নিরোধ বিধিমালা, ২০১৮ সংস্কারের জন্য ছয়টি সুপারিশ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—
প্রথমত, আইনের ১৯ ধারা সম্পূর্ণ বাতিল করা। অর্থাৎ, বিশেষ পরিস্থিতিতে আদালতের নির্দেশ ও অভিভাবকের সম্মতিতে অপ্রাপ্তবয়স্কের বিয়ের যে সুযোগ রয়েছে, তা বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
দ্বিতীয়ত, নারী ও পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ করা।
তৃতীয়ত, বাল্যবিবাহ সংশ্লিষ্ট শিশুর ইচ্ছায় বিয়ে বাতিলের বিধান রাখা, অর্থাৎ ১৮ বয়সের আগে বিয়ে হওয়ার পর সংশ্লিষ্ট নারী পরবর্তী সময়ে নিজের ইচ্ছায় সেই বিয়ে বাতিল করার আইনি সুযোগ পাবে।
চতুর্থত, ১৮ এর আগে বিয়ের ঘটনায় নারীদের অপরাধের দায় থেকে অব্যাহতি দেওয়া। অর্থাৎ, বিয়ের সঙ্গে জড়িত থাকার কারণে অপ্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়েকে অপরাধের দায়ে শাস্তির মুখোমুখি না করার সুপারিশ করা হয়েছে।
পঞ্চমত, বাল্যবিবাহের ঘটনায় অভিযোগ দায়েরের সময়সীমা দুই বছর থেকে বাড়িয়ে ছয় বছর করা। বর্তমানে অপরাধ সংঘটনের দুই বছরের মধ্যে অভিযোগ দায়ের না হলে আদালত তা আমলে নিতে পারে না। প্রস্তাবটি বাস্তবায়িত হলে অভিযোগ দায়েরের সময়সীমা আরও চার বছর বাড়বে।
ষষ্ঠত, বাল্যবিবাহসংক্রান্ত মামলা পরিচালনায় আদালতের এখতিয়ার, বিশেষ করে ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা স্পষ্ট করা। অর্থাৎ, এ ধরনের মামলা কোন আদালত পরিচালনা করবে এবং ভ্রাম্যমাণ আদালত কী ধরনের ব্যবস্থা নিতে পারবে, তা আইনে সুস্পষ্ট করার সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য যে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে বর্তমানে মুসলিম নাগরিকদের বিবাহ, তালাক, দেনমোহর, ভরণপোষণ ও উত্তরাধিকারের মতো ব্যক্তিগত ও পারিবারিক বিষয়গুলো মূলত শরিয়াহভিত্তিক আইন দ্বারা এবং ফৌজদারি, দেওয়ানি ও বাণিজ্যিক আইন সাধারণ তথা মানব রচিত রাষ্ট্রীয় আইনের আওতায় পরিচালনা করা হয়।
কিন্তু মানবাধিকারের ধ্বজাধারী পশ্চিমারা ও তাদের পদলেহী গণতান্ত্রিক শাসকগোষ্ঠী বরাবরই নারী অধিকার ও সমধিকারের নাম করে মুসলিম নারীদের বিয়ের ক্ষেত্রে ইসলামী শরিয়াহভিত্তিক এসকল পারিবারিক আইনে হস্তক্ষেপ করে আসছে।
তথ্যসূত্র:
১। বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ ছয় সুপারিশ
– https://tinyurl.com/4j627ubp


