
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সন্ত্রাসী ইসরায়েলের ধারাবাহিক হামলায় একদিনে অন্তত ১০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ২৫ নভেম্বর, বুধবার রাতে গাজা সিটির তুফফাহ এলাকায় বেসামরিক মানুষের একটি জমায়েত লক্ষ্য করে ড্রোন হামলায় তিনজন শহীদ হন। এর আগে একই দিনে পৃথক হামলায় একই পরিবারের চার সদস্যসহ আরও সাত ফিলিস্তিনি শহীদ হন। এসব হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা (WAFA) জানায়, বুধবার রাতে গাজা সিটির পূর্বাঞ্চলের তুফফাহ এলাকায় আল-নাফাক সড়কে বেসামরিক মানুষের একটি জমায়েত লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে অন্তত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি শহীদ হন। পরে শহীদদের মরদেহ গাজা সিটির আল-শিফা হাসপাতালে নেওয়া হয়। হামলার পর বিশেষ করে আশপাশের শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে বুধবার দিনের বিভিন্ন সময়ে চালানো হামলায় আরও সাত ফিলিস্তিনি শহীদ হন। এর মধ্যে পশ্চিম গাজা সিটির আল-শাতি শরণার্থীশিবিরে একটি আবাসিক ভবনে হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একই পরিবারের চার সদস্যকে শহীদ করে দখলদার বাহিনী।
এ ছাড়া উত্তর গাজার আল-তাওয়াম এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে সন্ত্রাসী ইসরায়েলি হামলায় এক ব্যক্তি শহীদ হন। একই হামলায় আহত তার ভাই কয়েক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যদিকে উত্তর গাজার জাবালিয়ার পূর্বাঞ্চলে হালাওয়া শিবিরে বেসামরিক মানুষের আরেকটি জমায়েত লক্ষ্য করে ড্রোন হামলায় আরও একজন ফিলিস্তিনি শহীদ হন। ওই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তরে হামাদ আবাসিক এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর গুলিতে এক জন আহত হয়েছে বলে নাসের মেডিকেল কমপ্লেক্সের চিকিৎসা সূত্র জানিয়েছে।
ফিলিস্তিনি সংবাদমাধ্যম ও চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, বুধবারের এসব পৃথক হামলায় গাজাজুড়ে অন্তত ১০ জন শহীদ হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ১০ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির মধ্যেও দখলদার ইসরায়েলের ধারাবাহিক সামরিক আগ্রাসন ও হামলায় উপত্যকাটির বেসামরিক মানুষের জীবন ও নিরাপত্তা চরম ঝুঁকির মুখে রয়েছে।
তথ্যসূত্র :
1.Three Palestinians killed in Israeli strike targeting gathering of civilians in Gaza City
– https://tinyurl.com/28bew5xe


