
আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী নূরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ বলেছেন, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিদিন অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে ইমারাতে ইসলামিয়া। ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার কাবুলে নির্মাণ, নগর উন্নয়ন ও পুনর্গঠন বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নূরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ বলেন, প্রাকৃতিক সম্পদ ও মানবসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানকে অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে চলেছে। মহান আল্লাহর অনুগ্রহে প্রতিদিন দেশ উন্নয়ন ও শিল্পায়নের দিকে অগ্রসর হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি জানান, নির্মাণ সামগ্রীর অধিকাংশ ক্ষেত্রেই দেশ স্বনির্ভরতা অর্জন করেছে, যা অর্থনৈতিক স্থিতিশীলতা ও শিল্প খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মন্ত্রী আরও জানান, বিনিয়োগ ও শিল্প পার্ক প্রতিষ্ঠার জন্য এক লক্ষ ষাট হাজার হেক্টর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি আঞ্চলিক বৃহৎ প্রকল্পগুলোর অগ্রগতির কথাও তুলে ধরেন। বিশেষ করে তিনি টাপি প্রকল্পের অগ্রগতির বিষয় উল্লেখ করে সকল দেশকে, বিশেষত পাকিস্তানকে বাণিজ্য পথ সহজীকরণে সহযোগিতা করার আহ্বান জানান।
প্রদর্শনীতে নির্মাণ শিল্প, নির্মাণ সামগ্রী, নির্মাণ যন্ত্রপাতি, আর্থিক ও ব্যাংকিং সেবা এবং দেশীয় পণ্যসহ বিভিন্ন খাতের তিন শতাধিক প্রদর্শনী কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব প্রদর্শনীর মাধ্যমে দেশীয় উৎপাদন সক্ষমতা, শিল্প উন্নয়ন এবং বিনিয়োগ সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
এই আয়োজনকে আফগানিস্তানের নির্মাণ ও শিল্প খাতের উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, এ ধরনের উদ্যোগ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং শিল্পায়নের ভিত্তি আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে।
তথ্যসূত্র:
1.Afghanistan moving toward development and industrialization every day: Azizi
– https://tinyurl.com/2rjasnx9


