
লেবাননের বিভিন্ন অঞ্চলে বর্বর ইসরায়েলি বিমান হামলা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা বাড়ছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৬ মার্চ, শুক্রবার সন্ধ্যায় দেশটির বিভিন্ন স্থানে চালানো হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন এবং আরও ৩৫ জন আহত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, বেকা উপত্যকার নবি চিত শহরে চালানো হামলায় চারজন নিহত হন। একই সময়ে দক্ষিণ লেবাননের মাজদাল সেলম শহরে একটি বসতবাড়িকে লক্ষ্য করে চালানো হামলাসহ একাধিক আক্রমণে আরও নয়জন নিহত হন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এসব হামলায় বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাইদা শহরে তিনজন নিহত হয়েছেন। এছাড়া বৈরুতের দক্ষিণাঞ্চলে চালানো বিমান হামলায় আরও একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
দখলদার ইসরায়েলি যুদ্ধবিমান বৈরুতের দক্ষিণ উপশহরগুলোতে দশটিরও বেশি বিমান হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েকটি ভবন ও অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে সাইদা ও টাইর শহরেও হামলা চালানো হয়েছে।
এছাড়া দক্ষিণ লেবাননের হান্নিয়েহ, বিনত জবেইল, ওয়াজ্জানি, আল-খাদার, স্রিফা, তাইর ফলসাই, হারুফ, তুল, দেইর আল-জাহরানি, তিবনিন, আল-সুলতানিয়া, আল-তাইয়্যেবাহ এবং কাউসারিয়্যাত আল-রিজ শহরগুলোতেও হামলার খবর পাওয়া গেছে। ক্রমাগত এই হামলার ফলে লেবাননের বিভিন্ন অঞ্চলে আতঙ্ক ও মানবিক সংকট আরও তীব্র হয়ে উঠছে।
তথ্যসূত্র:
1.Hezbollah, Israeli troops clash on the ground in eastern Lebanon’s Bekaa
– https://tinyurl.com/de4ujucu


