
সিলেটের গোয়াইনঘাটে ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোক্তা শিবু দাসের বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই উদ্যোক্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
দৈনিক ইত্তেফাক এক প্রতিবেদনে জানায়, গত বুধবার (১১ মার্চ) রাতে ছড়িয়ে পড়া ভিডিও সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, শিবু দাসের ছোট ভাই দীপু দাস ডৌবাড়ী ইউনিয়নের নারীদের কাছ থেকে কয়েক দিন ধরে ফ্যামিলি কার্ডের নামে ১২০ থেকে ১৩০ টাকা করে নেয়। গতকালও ইউনিয়ন উদ্যোক্তার কার্যালয়ে নারীদের কাছ থেকে টাকা নিচ্ছিল সে। তখন স্থানীয় এক ব্যক্তি প্রতিবাদ করে টাকা ফেরত দেওয়ার দাবি জানালে দীপু দাস টাকা ফেরত দেয়।
ভিডিওতে দেখা গেছে, চেয়ারে বসে থাকা এক ব্যক্তিকে ঘিরে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন নারী। এ সময় টেবিলের ওপর কয়েকজনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেখা যায়। ভিডিও ধারণ করা ব্যক্তি বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য ইউনিয়নের প্রায় ৯ হাজার মানুষের কাছ থেকে ১৩০ টাকা করে নিয়েছেন। এ সময় ভিডিও ধারণকারী ব্যক্তি সবার টাকা ফেরত দেওয়ার দাবি জানান। পরে চেয়ারে বসা ব্যক্তি ড্রয়ার থেকে টাকা বের করে উপস্থিত নারীদের ফিরিয়ে দেয়। এ সময় টাকা ফেরত দেওয়া ব্যক্তি নারীদের নাম জিজ্ঞাসা করে টাকা ফেরত দিচ্ছিল। ইউনিয়নের উদ্যোক্তার কার্যালয়ে নারীদের ভিড় লক্ষ করা যায়। টাকা ফেরত দেওয়া ব্যক্তি ডৌবাড়ী ইউনিয়নের উদ্যোক্তা শিবু দাসের ভাই দীপু দাস। এ সময় শিবু দাসকে কার্যালয়ে দেখা যায়নি।
তথ্যসূত্র:
১। ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল
- https://tinyurl.com/zfbsbpn9


