
সম্প্রতি বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দুই ছেলের নামে ইউনিয়নের নামকরণের অভিযোেগের পর আবারও বিতর্কে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নতুন বিতর্ক- প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে অর্ধশতাধিক শিক্ষার্থীদের তপ্ত রোদের মধ্যে প্রায় ২০ মিনিট দাঁড় করিয়ে রাখা হয়েছে। বুধবার (১৭ জুন) বগুড়ার শিবগঞ্জের রোকেয়া সাত্তার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘটনাটি ঘটেছে।
দৈনিক আমার দেশ জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাটে অবস্থিত রোকেয়া সাত্তার মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিশেষ অতিথি ছিল বগুড়ার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সমাজসেবা রাজশাহী বিভাগীয় পরিচালক। এছাড়াও শিবগঞ্জ ইউএনও, ওসিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিল। এতে ৪২৮ জন উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড ও ১টি করে গাছের চারা বিতরণ করা হয়।
এ আয়োজনে দুপুরের তপ্ত রোদে কোমলমতি শিক্ষার্থীদের প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য ২০ মিনিট দাঁড় করিয়ে রাখা হয়। এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় সমালোচনার ঝড় ওঠে। রাষ্ট্রীয় এ আয়োজনের সাথে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। ১০ শ্রেণি পড়ুয়া এক ছাত্রী সাংবাদিকদের বলেন, “প্রতিমন্ত্রী স্যার আসবেন দেখে আমাদের মাত্র দুইটা ক্লাস নেওয়া হয়েছে। তারপর থেকেই শিক্ষকরা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েন। দুপুর আনুমানিক দুইটাই আমাদের লাল কার্পেটের পাশ দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। পরে ২টা ৩০ মিনিটের দিকে উনি আসেন এবং আমরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানায়, স্কুল চলাকালীন সময়ে ক্লাস বাদ দিয়ে এমন আয়োজন করা, অভ্যর্থনার জন্য রোদে দাঁড় করানো এসব না করে যদি অন্য কোনো জায়গায় করতো তাহলে প্রশংসিত বেশি হতো।
তথ্যসূত্র:
১। অর্ধশতাধিক শিক্ষার্থীকে তপ্ত রোদে দাঁড় করিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে অভ্যর্থনা
– https://tinyurl.com/54z9d9me


