
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে পৌঁছেছে। এখনো নিখোঁজ রয়েছে ৪ হাজার ৮৫৮ জন। ২ সেপ্টেম্বর, বুধবার সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।
পুলিশ জানিয়েছে, নেপালের বিভিন্ন জেলা ও প্রতিবেশী ভারত থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। বন্যার উৎপত্তিস্থল রাসুয়া থেকে ৪৫টি, নুয়াকোট থেকে ১৫৫, ধাদিং থেকে ৫৯, চিতাওয়ান থেকে ৩৪৮, গোর্খা থেকে ৬৬, তানাহুন থেকে ৩৮, নাওয়ালপারাসি পূর্ব থেকে ২১৭, নাওয়ালপারাসি পশ্চিম থেকে ১৯০টি এবং ভারত থেকে ৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা মরদেহের মধ্যে ১ হাজার ১১৩টির ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৯৫টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ৯১১টি মরদেহের বিস্তারিত তথ্য পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নিখোঁজ স্বজনদের পরিবারের সদস্যরা এসব তথ্য দেখে তাদের শনাক্ত করতে পারবে।
এদিকে বন্যাকবলিত এলাকা থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৫৪১ জনকে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজের সংখ্যা বেশি থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
আরও বন্যার আশঙ্কায় অনেক পরিবারকে নিরাপদ ও উঁচু স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি যানবাহন চলাচল স্বাভাবিক করতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের কাজ চলছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এসব কার্যক্রম পরিচালনা করছে পুলিশ।
গত বুধবার সকালে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা আঘাত হানে। বন্যার পানির সঙ্গে বড় বড় পাথর ও ধ্বংসাবশেষ নিচু এলাকায় নেমে আসায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে।
ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও এখনো হাজারো মানুষ নিখোঁজ রয়েছে। সময় যত গড়াচ্ছে, নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা নিয়ে ততই শঙ্কা বাড়ছে।
তথ্যসূত্র
1. Nepal flood death toll rises to 1,127 as 4,858 remain missing
– https://tinyurl.com/584feaje


