হাসিনাকে কওমি জননী উপাধি দেওয়া সাবেক খতিব রুহুল আমিন আটক

0
8

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই আন্দোলনকেন্দ্রিক একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছে পুলিশ।

মুফতি রুহুল আমিন ২০১৮ সালের নভেম্বরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শোকরানা মাহফিলে শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচনায় এসেছিল। দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের সমমান দেওয়ার স্বীকৃতিস্বরূপ তাকে এ উপাধি দেওয়া হয়েছিল। এ নিয়ে সে সময় ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীও ছিলেন বলে জানা গেছে।

২০২২ সালের ৩১ মার্চ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুফতি রুহুল আমিন। তবে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে খুতবার মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তার অনুসারীদের সঙ্গে মসজিদে উপস্থিত অন্য মুসল্লিদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন এবং মসজিদের দরজা-জানালার ক্ষতি হয়।

ওই ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বায়তুল মোকাররমের খতিবের দায়িত্ব থেকে অপসারণের কথা জানানো হয়।


তথ্যসূত্র:
১। হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া খতিব রুহুল আমিন আটক
– https://tinyurl.com/mpstdctc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমিরপুরে নারী পোশাকশ্রমিককে ২৯ বার কুপিয়ে নির্মমভাবে হত্যা!