
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সামাঙ্গান প্রদেশে ৭৫ জোড়া তরুণ দম্পতিকে নিয়ে এক ব্যতিক্রমী গণবিবাহ আয়োজন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের আর্থিক সহায়তায় এই গণবিবাহ আয়োজন করা হয়েছে। সমাজে বিদ্যমান ব্যয়বহুল বিয়ের প্রবণতা হ্রাস এবং তরুণদের জন্য সহজভাবে বিবাহের পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, সমাজে প্রচলিত অনাকাঙ্ক্ষিত প্রথা ও অতিরিক্ত ব্যয়ের কারণে অনেক তরুণ-তরুণীর জন্য বিবাহ কঠিন হয়ে উঠছে। এসব সমস্যা দূর করতে এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরির উদ্দেশ্যে এ ধরনের গণবিবাহ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এটিকে সমাজের জন্য ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করেন। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ তরুণদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পরিবারগুলোর প্রতি আহ্বান জানান, যাতে তারা বিবাহ প্রক্রিয়াকে সহজ করতে সহযোগিতা করেন এবং অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও অতিরিক্ত ব্যয় পরিহার করে তরুণদের পাশে দাঁড়ায়্ন। তাদের মতে, সামাজিক সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে সহজ বিবাহের পরিবেশ তৈরি করা সম্ভব, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
তথ্যসূত্র:
1.Mass Wedding Ceremony for 75 Couples Held in Samangan
– https://tinyurl.com/2p9jfer2


