
আফগানিস্তানে নিউ কাবুল সিটি প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাবুল–বাগরাম সড়ক নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে ইমারাতে ইসলামিয়া। দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ সড়কটির নির্মাণ কাজ শুরু করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই প্রকল্পকে রাজধানী ও আশপাশের অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইমারাতে ইসলামিয়ার অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ বলেন, এই প্রকল্প কাবুলের সঙ্গে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপনে বিশেষ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, নিউ কাবুল সিটির অন্যতম প্রধান পরিবহন অবকাঠামো হিসেবে এই সড়ক নগর উন্নয়ন ও সামাজিক-অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ইমারাতে ইসলামিয়ার প্রশাসনিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী আব্দুস সালাম হানাফি হাফিযাহুল্লাহ বলেন, অতীতে নগর পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। তবে ইমারাতে ইসলামিয়া আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে আফগানিস্তান এবং এর নগরসমূহ উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ।
নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজিবুল্লাহ হাক্কানি হাফিযাহুল্লাহ বলেন, অভিবাসীদের ব্যাপক প্রত্যাবর্তনের ফলে আবাসন সংকট সৃষ্টি হয়েছে। তিনি জানান, নতুন কাবুল নগরের আয়তন তিন লাখ সত্তর হাজার জেরিব (প্রায় ১,৮২,৭৮০ একর), যেখানে কৃষি ও অর্থনৈতিক অঞ্চলসহ প্রায় ত্রিশ লাখ মানুষের বসবাসের সুযোগ থাকবে।
কাবুল–বাগরাম সড়কটি নিউ কাবুল সিটি উন্নয়ন পরিকল্পনার অন্যতম ভিত্তিমূলক অবকাঠামো প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। প্রায় ৬ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ও ৫০ মিটার প্রশস্ত এই সড়কটি নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৪৫৫ মিলিয়ন আফগানি ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সাইয়েদ মোকাদ্দাম আমিন বলেন, এই সড়ক নিউ কাবুল সিটি প্রকল্পসহ চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং বর্তমান পরিস্থিতিতে এসব উদ্যোগ মানুষের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তনের সূচনা ঘটাবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আফগান অভিবাসীদের ব্যাপক প্রত্যাবর্তনের বিষয়টি তুলে ধরে তাদের সমস্যা সমাধানে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, চলতি সৌর বছরে ইমারাতে ইসলামিয়ার আওতায় ৬০১টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ১৫৬টি প্রকল্প সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, চলমান উন্নয়ন উদ্যোগসমূহ দেশের অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তথ্যসূত্র:
1.Kabul–Bagram Road Project Officially Launched
– https://tinyurl.com/27w6yw56


