
দখলদার ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবির এবং দক্ষিণ খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় দুটি পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে চালানো হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ২৭ ফেব্রুয়ারি, শুক্রবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের চিকিৎসা সূত্র জানিয়েছে, আল-মাওয়াসি এলাকার আল-মাসলাখ মোড়ে একটি পুলিশ চেকপোস্টে দুর্বৃত্ত ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় চারজনের মৃতদেহ এবং বেশ কয়েকজন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। সূত্রটি জানায়, এই হামলা এমন একটি এলাকায় সংঘটিত হয়েছে যা ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
অন্যদিকে, মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের প্রবেশপথে অবস্থিত আরেকটি পুলিশ পোস্টে সন্ত্রাসী ইসরায়েলের ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি শহীদ এবং আরও কয়েকজন আহত হয়েছে।
আল-জাজিরার সাংবাদিক তারেক আবু আজ্জোম গাজা সিটি থেকে জানান, “রাতটা ছিল রক্তাক্ত। ইসরায়েলি বাহিনী একের পর এক প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে। এই হামলাগুলো প্রাথমিকভাবে পুলিশ চেকপোস্টগুলোকে লক্ষ্য করে করা হয়েছে। বিশেষ করে খান ইউনিস ও বুরেইজ শিবিরে এই হামলা চালানো হয়।”
২০২৩ সালের অক্টোবর থেকে জায়নবাদী ইসরায়েল গাজা উপত্যকায় সামরিক আগ্রাসন শুরু করার পর থেকে এ পর্যন্ত অন্তত ৭২ হাজার ৮২ ফিলিস্তিনি শহীদ হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।
তথ্যসূত্র:
1. Israeli attacks on police sites kill six in southern, central Gaza
– https://tinyurl.com/3wc75smh


