
কৃষি খাতে প্রযুক্তিগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী মৌলভী জামির ওসমানি হাফিযাহুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাশিয়ায় সরকারি সফরে গেছেন।
প্রতিনিধি দলটি মস্কো ও সেন্ট পিটার্সবার্গ সফর করবেন এবং কৃষিখাতের গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কেন্দ্রগুলো পরিদর্শন করবেন। সফরের মূল লক্ষ্য উদ্ভিদ ও প্রাণী কোয়ারেন্টাইনে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিক কৃষি ব্যবস্থার সাথে পরিচিত হওয়া।
প্রতিনিধি দলটিতে প্রাণিসম্পদ বিভাগের মহাপরিচালক, কৃষি গবেষণা অধিদপ্তরের পরিচালক এবং মন্ত্রণালয়ের কয়েকজন প্রযুক্তিগত বিশেষজ্ঞ রয়েছেন।
সফরকালে প্রতিনিধি দলটি কৃষি পণ্য রপ্তানি প্রক্রিয়া ও বন্দর ব্যবস্থাপনা পরিদর্শন এবং কৃষি রপ্তানি সহজীকরণ নিয়ে আলোচনা করবে। এছাড়া প্রতিনিধি দলটি উদ্ভিদ রোগ নির্ণয়ের ল্যাবরেটরি, কৃষিপণ্যের মান নির্ণয় কেন্দ্র এবং পোকামাকড় নিয়ন্ত্রণ ও কোয়ারেন্টাইন সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।
সফরের মাধ্যমে আফগানিস্তান ও রাশিয়ার মধ্যে কৃষিখাতে টেকসই সম্পর্ক স্থাপন এবং প্রযুক্তিগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি আফগানিস্তান ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ৫৩৮ মিলিয়ন ডলারে পৌঁছেছে। এই কৃষি সফর দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র
1. Afghan Agriculture Delegation Visits Russia to Boost Technical Cooperation
– https://tinyurl.com/bd9j55rk


