
নাটোরের সিংড়ায় রফিকুল ইসলাম রুবেল (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে তার স্ত্রী ও ছেলে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিউলী বেগম ও ছেলে সাইফুদ্দিন সিদ্দিক রয়েলকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মে) সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম ঘটনাটি ঘটে।
এ ঘটনায় পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত দা ও মা-ছেলের রক্তমাখা জামা-কাপড়। আটককৃতরা হত্যার কথা স্বীকার করেছে, তবে কি কারণে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায় নি। নিহত রফিকুল ইসলাম রুবেল উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কেরামত আলী ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
গণমাধ্যমের বরাতে জানা যায়, সকালে স্বজনদের কান্নাকাটির শব্দ পেয়ে প্রতিবেশীরা গিয়ে নিজ ঘরে রুবেলের গলাকাটা রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। গত রাতে স্ত্রী-ছেলের সাথে নিহত রফিকুল ইসলাম রুবেলের ঝগড়া হয়। এরপর সে পৃথক ঘরে ঘুমাতে যায়।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানায়, মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনায় তার স্ত্রী-ছেলেকে আটক করা হয়েছে। তারা হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তথ্যসূত্র:
১। সিংড়ায় মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
- https://tinyurl.com/mpt43hcj


