
ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, গত বুধবার (১৩ মে) দুপুরে জেলা শহরের পৌর মুক্তমঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাউতলি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আলেম-উলামাগণ পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলা, নির্যাতন ও ধর্মীয় নিপীড়নের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, ‘ভারতে মুসলমানদের ওপর ধারাবাহিকভাবে হামলা ও নির্যাতনের ঘটনা ঘটছে। সংখ্যালঘু মুসলমানদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
বক্তারা আরও বলেন, ‘ধর্মীয় উসকানি ও সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কেও সোচ্চার হতে হবে। মুসলিম উম্মাহর ওপর নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে।’
সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা সাজিদুর রহমান, মুফতি আলী আজম, মুফতি কামাল উদ্দিন কাসেমী ও মুফতি তানভীর সিরাজী (হাফিযাহুমুল্লাহ)। এছাড়াও জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের হেফাজতে ইসলাম নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
তথ্যসূত্র:
১। ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভ
– https://tinyurl.com/2uwbazmb


