নরসিংদীতে দুর্ধর্ষ ডাকাতি, ককটেল বিস্ফোরণ ও ডাকাতের হামলায় আহত ৩

0
4

নরসিংদীর মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের পদ্মারকান্দা দীঘিরপাড় এলাকায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। একই সময়ে এলাকার অন্তত তিনটি বাড়িতে একযোগে হানা দেয় ডাকাতেরা। পরে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায় ডাকাতরা। যাওয়ার সময় ডাকাত দলের হামলায় তিনজন জখম হয়েছে।

ভুক্তভোগী মিনহাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাত প্রায় ১টা ৪০ মিনিটের দিকে পাঁচ-সাতজনের একটি ডাকাত দল প্রথমে তার বাড়ির গেট টপকে ভেতরে ঢুকে। এরপর তারা ভেতরের গেটের তালা ভেঙে বাকি সহযোগীদের ভেতরে ঢুকতে সহায়তা করে। মুহূর্তের মধ্যে দুটি দরজা ভেঙে ডাকাতেরা সরাসরি তার বেডরুমে ঢুকে পড়ে। এ সময় বাড়ির লোকজনকে জিম্মি করে অর্থ ও স্বর্ণালংকার লুট করে।

ঘটনার সময় মিনহাজুল ইসলামের স্ত্রী-সন্তান নানার বাড়িতে থাকায় তিনি ঘরে একাই ছিলেন। আকস্মিক এই হামলায় ভয় পেয়ে তিনি চিৎকার দিলে ডাকাতেরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার দাবি করে। অস্বীকৃতি জানালে তাকে মারধর করে।

এরপর ডাকাতের দল আলমারি ও ওয়ার্ডরোব তছনছ করে ঘরে থাকা প্রায় দু-তিন ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা লুটে নেয়। শুধু তাই নয়, ডাকাতেরা মিনহাজের হাত-পা বাঁধার চেষ্টা ও জবাই করার হুমকি দেয়।

লুটপাট শেষে ডাকাতেরা মিনহাজুলকে বেঁধে ফেলার চেষ্টা করলে তিনি কোনো প্রকার চিৎকার বা চেঁচামেচি না করার কথা জানান। যাওয়ার সময় ডাকাত সর্দার তাকে হুমকি দিয়ে বলে, ‘যদি চ্যাঁচামেচি করিস, তাহলে কাল এসে তোকে জবাই করে যাব।’

এলাকা ছাড়ার সময় ডাকাের দল তাদের উপস্থিতি ও আতঙ্ক ছড়াতে তিন-চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ডাকাতদের বাধা দিতে গেলে বা সামনে পড়ে গেলে তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করে তারা পালিয়ে যায়।

এ ঘটনার পর থেকে পুরো কাঁঠালিয়া ও পদ্মারকান্দা এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকাবাসী রাতে নিরাপত্তা জোরদার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


তথ্যসূত্র:
১। মাধবদীতে দুর্ধর্ষ ডাকাতি, ককটেল বিস্ফোরণ ও হামলায় আহত ৩
– https://tinyurl.com/265ezyen

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের প্রধানমন্ত্রীর ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের রাউজানে টানা বর্ষণে জ্বলছে না চুলা, বিশুদ্ধ পানিরও অভাব