দিল্লি বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটির দিনেই পরীক্ষা, তীব্র ক্ষোভে মুসলিম শিক্ষার্থীরা

0
0

ভারতে দিল্লি বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল আযহার দিন (২৮ মে) একাডেমিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এটিকে বিশ্ববিদ্যালয়ের “স্বেচ্ছাচারী, বৈষম্যমূলক ও অসাংবিধানিক” পদক্ষেপ বলে বর্ণনা করেছে প্রতিবাদী মুসলিম শিক্ষার্থীরা।

ভারতের সুপ্রিম কোর্ট সহ বেশ কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত সরকারী বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ২৮মে কোরবানির ঈদ উপলক্ষ্যে সরকারি ছুটি রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। উক্ত নির্দেশনা অনুযায়ী ২৮ মে ছুটি ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে দিল্লি বিশ্ববিদ্যালয়, কিন্তু ঐদিন পূর্ব নির্ধারিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হবে না বলে স্পষ্ট করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এই নির্দেশনা মুসলিম শিক্ষার্থীদের মৌলিক অধিকার লঙ্ঘন করার শামিল বলে অভিহিত করেছে শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠন। ইতোমধ্যে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে অভিযোগ করা হয়েছে।

ফ্র্যাটারনিটি মুভমেন্ট নামে একটি ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ পেশ করে জানায়, প্রশাসন মুসলিম শিক্ষার্থীদের একটি “অস্থিতিশীল অবস্থানের” মধ্যে রেখেছে, এর ফলে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ অথবা ধর্মীয় দায়িত্ব পালনের মধ্যে যেকোনও একটিকে বেছে নিতে বাধ্য করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন (এসআইও) এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করে জানায়, এই পদক্ষেপে মুসলিমদের ধর্মীয় বিধান পালন ও শিক্ষার্থীদের উদ্বেগকে অবজ্ঞা করা হয়েছে।

অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইএসএ) আগামী ২৮ মে এর সব পরীক্ষা অবিলম্বে স্থগিত বা পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে। একই সাথে পরীক্ষা কর্তৃপক্ষের কাছ থেকে স্বচ্ছ ব্যাখ্যা তলব করে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে সংগঠনটি।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2j5bfbk7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ড্রেন উদ্বোধনের আগেই ধসে পড়েছে
পরবর্তী নিবন্ধমধ্য মালিতে জেএনআইএম-এর নিয়ন্ত্রণে জান্তা অনুগত মিলিশিয়া সদর দপ্তর: নিহত ১২ মিলিশিয়া সদস্য