লালমনিরহাটে গরিবদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল দেয়া হল যুবদলের কর্মীদের, সচিব বলল তারাও তো গরিব-দুঃখী

0
0

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে গরিব-দুঃখীদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির চাল ইউনিয়ন যুবদলের কর্মীদের মাঝে বিতরণ করা হয়েছে।

গত রোববার (২৪ মে) ইউনিয়ন পরিষদে চাল বিতরণের সময় কয়েকটি ভ্যানে করে ৮ থেকে ১০ বস্তা চাল যুবদলের খেলার মাঠে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, সব মিলিয়ে প্রায় ৫০ বস্তা চাল সুকৌশলে আত্মসাৎ করা হয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত রোববার দহগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে ১ হাজার ৪০০ জন সুবিধাভোগীর মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এ সময় ইউপি সচিব ও কয়েকজন সদস্যের যোগসাজশে প্রকৃত অসহায় ও দরিদ্রদের বঞ্চিত করে বিপুল পরিমাণ চাল সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটি ভ্যানে করে ৮ থেকে ১০ বস্তা চাল সরাসরি যুবদলের খেলার জন্য পাঠানো হয়।

এ সময় ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলে দহগ্রাম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাজু, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুর ইসলাম এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ আরো অনেকে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী চেয়ারম্যান পলাতক রয়েছে। এছাড়া ১ নম্বর প্যানেল চেয়ারম্যানও দীর্ঘদিন অনুপস্থিত। এ অবস্থায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় পাটগ্রাম উপজেলা শিক্ষা অফিসার হামিদুল সরকারকে। কিন্তু যেদিন ১ হাজার ৪০০ মানুষের মাঝে চাল বিতরণ করা হয়, সেদিন ইউনিয়ন পরিষদের সচিব, প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেউই সেখানে উপস্থিত ছিল না। ফলে ইউপি সদস্যরা নিজেদের ইচ্ছামতো চাল বিতরণ করেছে।

এই অনিয়মের বিষয়টি মুঠোফোনে স্বীকার করেছে দহগ্রাম ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মইনুল। সে জানায়, ‘আমরা তো দল করি, আমাদের দলের দায়িত্বশীলরা সেখানে ছিলেন। চেয়ারম্যান যেহেতু আওয়ামী লীগ করেন, তিনি পলাতক। প্রশাসকও সেদিন আসেননি। যুবদলের নামে সরাসরি চাল দেওয়া হয়নি; তারা আমাদের ভোটার আইডি কার্ড দিয়েছিল, আমরা বিভিন্ন ওয়ার্ডের তালিকায় তাদের নাম ঢুকিয়ে দিয়েছি। সেখান থেকেই তারা চাল পেয়েছে।’

দহগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব রবীন্দ্রনাথ বর্মন ঘটনার পক্ষে সাফাই গেয়ে জানায়, যুবদলের লোকজন আইডি কার্ড জমা দিয়েছে, তাই আমরা তাদের চাল দিয়েছি। তারাও তো গরিব-দুঃখী মানুষ।


তথ্যসূত্র:
১। ভিজিএফের চাল যুবদলের খেলার মাঠে, সচিব বললেন তারাও তো গরিব-দুঃখী
– https://tinyurl.com/rerau7a6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখুলনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে যুবক আহত