
গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় এক শিশুসহ অন্তত চার ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। সংবাদ সংস্থা ওয়াফার বরাতে আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ২৮ জুন, রবিবার উত্তর গাজার বেইত লাহিয়ার পশ্চিমে আল-সালাতিন এলাকায় একটি বর্বর ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত দুই ফিলিস্তিনি শহীদ হন এবং আরও অন্তত একজন আহত হন। দক্ষিণ গাজার খান ইউনুসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়া একটি তাঁবুতে ইসরায়েলি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র হামলা চালালে কয়েকজন আহত হন।
নাসের মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে, ওই হামলার পর এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ হাসপাতালে আনা হয়। একই এলাকায় ইসরায়েলি ট্যাংকের গোলার আঘাতে ১৩ বছর বয়সী কিশোরী আইলিন আল-ফাররা শহীদ হয়।
এদিকে গাজা সিটিসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা আরও তীব্র হয়েছে। বিশেষ করে গাজা সিটি ও আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের অস্থায়ী তাঁবুগুলো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। একই সঙ্গে গাজা সিটির পূর্বাঞ্চলে স্থল অভিযানও সম্প্রসারণ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর, ২০২৩ থেকে সন্ত্রাসী ইসরায়েলের গণহত্যায় এ পর্যন্ত ৭৩ হাজার ৫৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ১ লাখ ৭৩ হাজার ৪৮০ জন আহত হয়েছেন।
তথ্যসূত্র
1. Israel kills four Palestinians in Gaza as attacks on tents continue
– https://tinyurl.com/4szf7s6h


