
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই উপজাতীয় আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার, সাংগঠনিক নিয়ন্ত্রণ এবং প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে দুই পক্ষের সশস্ত্র সদস্যরা মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয় বলে স্থানীয়রা দাবি করেছেন।
সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। টানা গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন। অনেক পরিবার ভয়ে ঘরের দরজা-জানালা বন্ধ করে অবস্থান নেয়। ঘটনার পর পুরো এলাকায় চরম ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানায়, ‘আমরা তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।’
তথ্যসূত্র:
১। খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, নিহত ৩
– https://tinyurl.com/39bazzsz


