হবিগঞ্জে বাবা-মেয়েকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, দুই পুলিশ সদস্য প্রত্যাহার

0
5

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাবা ও মেয়েসহ তিনজনকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার ঘটনায় পুলিশের এক এসআই ও এক সদস্যকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার রাফিউর রহমান।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটে। প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হল— চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) মাসুম আল মামুন ও কনস্টেবল রুহুল আমীন। ভুক্তভোগী ব্যক্তিরা হলেন— কালিশিরী গ্রামের ছায়েদ মিয়া, তার ভাই ইউনুস ও মেয়ে জাসমিন আক্তার।

গণমাধ্যম সূত্রে জানা যায়, কালিশিরী গ্রামের একটি পরিবারের সঙ্গে ছায়েদ আলীর পরিবারের রাস্তা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিক মামলা চলমান। ওইদিন সকালে একটি মামলার হাজিরা দিতে ছায়েদ মিয়া, জাসমিন ও ইউনুস একটি ইজিবাইকে করে চুনারুঘাট যাচ্ছিলেন। বগাডুবি রেললাইনের মোড়ে পৌঁছালে এসআই মাসুম আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের গতিরোধ করে। এ সময় প্রতিপক্ষের লোকজনও পুলিশের সঙ্গে ছিল। পরে তল্লাশির নামে তাদের পকেটে ইয়াবা গুঁজে দিয়ে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। একপর্যায়ে জোর করে পুলিশের গাড়িতে করে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়।

তাদের আটকের খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ চুনারুঘাট থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি বেগতিক দেখে বিকেলে আটক তিনজনকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানায়, তদন্তে আটক তিনজনের সঙ্গে ইয়াবা ব্যবসার কোনো ধরনের সম্পৃক্ততা বা প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগের প্রাথমিক সত্যতার ভিত্তিতে অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


তথ্যসূত্র:
১। বাবা ও মেয়েকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগে এসআই প্রত্যাহার
– https://tinyurl.com/etnht7sf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে হিন্দুদের শোভাযাত্রায় উচ্চস্বরে ডিজে মিউজিক, শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু
পরবর্তী নিবন্ধস্পিন বোল্ডাকে পাকিস্তানি সামরিক চৌকি ধ্বংস করেছে ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা বাহিনী