নেত্রকোণা শহরে লোডশেডিংয়ের সুযোগে বাসায় ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

0
7

নেত্রকোণা শহরে একটি বাসায় ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে এক প্রতিবেশি। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার স্বামী ও ছেলে। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ।

গণমাধ্যম সূত্রে জানা যায়, গত সোমবার (১ জুন) রাত ৮টা থেকে ৯টার মধ্যে শহরের কাটলী এলাকার একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা বেগমের (৫৫) স্বামী আবু চান (৬০) ও ছেলে মুন্না মিয়া (২৫) আহত হয়েছেন। অভিযুক্ত আব্দুর রশিদ (৩০) একই এলাকার বাসিন্দা এবং পেশায় রিকশাচালক।

নিহতের মেয়ে লিজা মণি সাংবাদিকদের জানান, রাত ৯টার দিকে বাসায় গিয়ে তিনি দেখতে পান তার বাবা ও ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এ সময় অভিযুক্ত রশিদ মিয়াকে ঘরের ভেতরেই দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে খাটের নিচ থেকে মনোয়ারা বেগমের লাশ পাওয়া যায়।

মেয়ে আরও জানান, রশিদ তাদের পূর্বপরিচিত ছিল এবং বিভিন্ন সময় তাদের কাছ থেকে টাকা ধার নিত।

নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানায়, ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারী প্রথমে মনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে। পরে ছেলে মুন্না মিয়া বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে স্ত্রী ও সন্তানকে রক্ষা করতে এগিয়ে এলে আবু চানও হামলার শিকার হন।

স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে যান। পরে মুন্না মিয়ার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের আটকে রাখা আব্দুর রশিদকে হেফাজতে নেয়।


তথ্যসূত্র:
১। লোডশেডিংয়ের সুযোগে বাসায় ঢুকে নারীকে কুপিয়ে হত্যা
– https://tinyurl.com/42tpdd3m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলক্ষ্মীপুরে নানার বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার ১১ বছরের শিশু
পরবর্তী নিবন্ধছেলেরা যুগ্মসচিব-বুয়েটের শিক্ষক, নিঃসঙ্গ বাসায় মরে পচে গেছে বৃদ্ধ মা, খোঁজ নেয়নি কেউই