
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এই হত্যাকাণ্ডে অন্তত ছয়জন অংশ নেয়, যার মধ্যে দুজনের হাতে পিস্তল ছিল।
শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার চুয়েট সংলগ্ন পাহাড়তলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাকসুদুল হক চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা ছিলেন।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পাহাড়তলী বাজার এলাকায় অবস্থান করছিলেন মাকসুদুল চৌধুরী। এ সময় ছয়জনের একটি দল তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের মধ্যে দুজন খুব কাছ থেকে তাঁর মাথায় অস্ত্র ঠেকিয়ে সরাসরি গুলি করে। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় এই যুবদল নেতা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হামলাকারীদের একজনের পরনে টি-শার্ট ও জিন্স প্যান্ট ছিল এবং তার হাতে পিস্তল দেখা গেছে। এই নৃশংস ঘটনার পর ওই এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
তথ্যসূত্র:
১। প্রকাশ্য দিবালোকে যুবদল নেতার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যা
– https://tinyurl.com/5av6t92a


