
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা এলাকা বন বিভাগের সদ্যদের গুলিতে এক আহরণকারী জেলের মৃত্যু হয়েছে। গত সোমবার (১৮ মে) সকালে খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিতে নিহত ব্যক্তির নাম আমিনুর রহমান গাজী। তিনি উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আকছেদ গাজীর ছেলে।
সহযোগী জেলেদের বিবরণ অনুযায়ী, তারা ওইদিন সকালে শতমুখি খাল এলাকায় কাঁকড়া আহরণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বনবিভাগের খুলনা স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেয়। নির্দেশনা অমান্য করলে একপর্যায়ে গুলি ছোড়া হয়। এতে আমিনুর গুলিবিদ্ধ হন এবং পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে দুপুরে নিহত জেলে আমিনুর রহমান গাজীর লাশ লোকালয়ে পৌঁছালে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে শত শত মানুষ লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস ও বুড়িগোয়ালিনী স্টেশন অফিস ঘেরাও করে হামলা চালায়। এসময় তারা অফিসের বিভিন্ন কক্ষ, আসবাবপত্র ও সরঞ্জাম ভাঙচুর করে। কয়েকজন বনকর্মীকে খুঁজে বের করে মারধরের ঘটনাও ঘটে।
তথ্যসূত্র:
১। শ্যামনগরে বন বিভাগের সদস্যদের গুলিতে জেলের মৃত্যু
– https://tinyurl.com/5dcda694


