
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকাসক্ত এক যুবক কুপিয়ে জখম করেছে ভাবি-ভাতিজিসহ পাঁচজনকে। গত রোববার (১৭ মে) দুপুর ২টায় ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ইসদাইর গাবতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার পর এলাকাবাসী অভিযুক্ত যুবক মালেককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
আহতরা হলেন— ভাবি জানুফা (৩৮), ভাতিজি লামিয়া (৮), ভাড়াটিয়া রেনুয়ারা (৩৮), খাদিজা (১৮) ও খোকা (৫৬)। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে খোকা ছাড়া অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয়দের বরাতে গণমাধ্যম সূত্র জানায়, মালেক মাদকাসক্ত। দুপুরে সে ভাত খেতে বাসায় আসে। এ সময় ভাবি জানুফা তাকে ফ্রেশ হওয়ার জন্য বললে ক্ষিপ্ত হয়ে ওঠে মালেক। তর্কাতর্কির একপর্যায়ে ধারালো বটি এনে ভাবির ওপর হামলা চালায়। এ সময় শিশু ভাতিজি লামিয়া এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
তাদের ডাকচিৎকারে বাড়ির ভাড়াটে রেনুয়ারা, খাদিজা ও খোকা এগিয়ে এলে মালেক তাদেরও কুপিয়ে জখম করে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা মালেককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
তথ্যসূত্র:
১। নারায়ণগঞ্জে ভাবি-ভাতিজিসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো যুবক
– https://tinyurl.com/yfztweaa


