
শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুত রাখা বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের চালা উড়ে যাওয়ার পাশাপাশি আর দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় রোকেয়া বেগম (৪০) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মূলনা ইউনিয়ন লাগোয়া সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া চরকান্দি এলাকায় ফারুক ছৈয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত রোকেয়া বেগম ফারুক ছৈয়ালের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ফারুক ছৈয়ালের স্ত্রী রোকেয়া বেগম রান্নার জন্য রান্নাঘরে প্রবেশ করেন। এ সময় রান্নাঘরে মজুত করে রাখা বিপুল পরিমাণ ককটেল একসঙ্গে বিস্ফোরিত হয়। এতে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণে রোকেয়া বেগম গুরুতর আহত হন। এছাড়াও বিস্ফোরণের তীব্রতায় রান্নাঘরের টিনের চালা উড়ে বাঁশ বাগানে উঠে যাওয়ার পাশাপাশি সামাদ ছৈয়াল ও হাকিম ছৈয়ালের দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। এদিকে আহত রোকেয়া বেগমকে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক।
গণমাধ্যম সূত্র জানায়, জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল শিকদার ও উপজেলা আওয়ামী লীগের সদস্য তমিজ খাঁর মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। সেই সূত্র ধরে গত১০ আগস্ট সন্ধ্যায় একই এলাকায় দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষে বিস্ফোরিত হয় অন্তত শতাধিক ককটেল। বিস্ফোরণে একজনের হাত কবজি উড়ে যাওয়ার পাশাপাশি আহত হয় কমপক্ষে ১০ জন। আর ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়ে মারা যায় ৭০ বছর বয়সী মান্নান সরদার। সে ঘটনায় একটি মামলা চলমান রয়েছে। এদিকে আজকের বিস্ফোরণ হওয়া বাড়ির মালিক ফারুক ছৈয়াল রেজাউল শিকদারের সমর্থক ছিল বলে জানা গেছে। বিস্ফোরণের পর এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহম্মেদ গণমাধ্যমে জানায়, রান্নাঘরে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে বিপুল পরিমাণ ককটেল মজুত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্ফোরণে রান্নাঘরের চালা উড়ে গিয়েছে৷ এ ঘটনায় একজন আহত হয়েছেন। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কারা সেখানে ককটেলগুলো মজুত করে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র:
১। রান্নাঘরে মজুত ছিলো বিপুল পরিমাণ ককটেল, বিস্ফোরণে গৃহবধূ আহত
– https://tinyurl.com/2hhkjurt


