
ভারতে বিহারের আওরঙ্গাবাদ জেলায় এক দলিত নারীকে রক্ত দিতে গিয়ে হাসপাতালে হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন সিকান্দার খান নামে এক মুসলিম যুবক। ওই নারীর চিকিৎসা নিয়ে যুবকের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের বিরোধ তৈরি হয়। এ সময় যুবককে একটি কক্ষে আটকে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিকান্দার খান বিহারের আওরঙ্গাবাদ জেলার চরকুপ্পা গ্রামের বাসিন্দা। পরিচিত এক অসুস্থ দলিত নারীকে রক্ত দিতে তিনি রফিগঞ্জের একটি হাসপাতালে যান। সেখানে নারীর চিকিৎসা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।
হিন্দুস্তান টিভির এক সাংবাদিকের বক্তব্য অনুযায়ী, এ ঘটনার পর হাসপাতালের মালিক চিকিৎসক রঞ্জিত যাদব সিকান্দার খানকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের কর্মীরাও জড়িত ছিল বলে জানা যায়। এছাড়া হামলার সময় কাছাকাছি পুলিশ সদস্যদের উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন ওই সাংবাদিক।
গুরুতর আহত অবস্থায় সিকান্দারকে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে পাটনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অভিযুক্তের রাজনৈতিক যোগাযোগ নিয়ে প্রশ্ন
এক ভিডিও বক্তব্যে সাংবাদিক সীমাব অভিযোগ করেছে, চিকিৎসক রঞ্জিত যাদবের সঙ্গে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদবের রাজনৈতিক যোগাযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসককে তেজস্বী যাদবের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া এবং তার কাছ থেকে সম্মাননা গ্রহণ করতে দেখা গেছে বলে সে উল্লেখ করেছে।
এ ছাড়া পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে ওই সাংবাদিক।
সিকান্দার খানের মৃত্যুতে শোক প্রকাশ করে দেওয়া পৃথক এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি মানবিক দায়িত্ববোধ থেকে একজন অসুস্থ দলিত নারীকে রক্ত দিতে হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তার ওপর হামলার ঘটনা ঘটে এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। বিবৃতিতে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
তবে এখন পর্যন্ত পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য, অভিযুক্তদের গ্রেপ্তারের তথ্য কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/bdaed7v4


