ময়মনসিংহ মেডিকেল ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ

0
0

ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়েছে, এতে অন্তত দুইজন আহত হয়েছে। গত শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বাঘমারা এলাকায় অবস্থিত মেডিকেল কলেজ হোস্টেলে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে জাওয়াদ রুতাপ গ্রুপের কর্মী মীর হামিদুরের অবস্থা গুরুতর। তাকে প্রথমে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহ্বায়ক তানভীর আব্দুল্লাহ গ্রুপের কর্মী আমান উল্লাহ মুয়াজকেও মারধর করা হয়; পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে দৈনিক আমার দেশ জানায়, মোটরসাইকেলে তেল ভরাকে কেন্দ্র করে দুই গ্রুপের কর্মীদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। একপর্যায়ে হামিদুর মুয়াজকে আঘাত করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে হামিদুর ও তার সহযোগীরা মুয়াজকে মারধর করে কক্ষ থেকে বের করে দেয়।

পরবর্তীতে হামিদুর চা পান করতে বাইরে গেলে মুয়াজ একটি স্টিলের পাইপ দিয়ে তার মাথায় আঘাত করে। এতে হামিদুরের সহযোগীরা মুয়াজকে ধাওয়া করলে সে একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে মুয়াজকে উদ্ধারে তার গ্রুপের সদস্যরা এগিয়ে এলে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আরো কয়েকজন আহত হন।

কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মতিউর রহমান জানায়, ‘ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।’


তথ্যসূত্র:
১। ময়মনসিংহ মেডিকেল ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আটক ১
– https://tinyurl.com/4x7ct67v

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবরিশালে শিশুদের হাতের টানেই উঠছে সড়কের পিচ, সংস্কার কাজ বন্ধ করে দিলো স্থানীয়রা
পরবর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার