
নোয়াখালীর সেনবাগে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আরাফাত হোসেন ফাহিম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হন। সংঘর্ষের পর পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল আসামি হারুন মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে।
গত বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে সেনবাগ থানার নবীপুর ইউনিয়নের সোমবারিয়া বাজার সংলগ্ন বেলাল মাস্টারের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
গণমাধ্যম সূত্র জানায়, ওই রাতে দেবী সিংহপুর গ্রামের হারুন মিয়া, মমিন (২২) ও জাহাঙ্গীর (২৪) একত্রে গাঁজা সেবন করছিল। একই গ্রামের আরাফাত হোসেন ফাহিম, রিফাত (২৩) ও শাকিব (২১) তাদের বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে হারুন, আরাফাত ও শাকিবসহ উভয় পক্ষের মোট চারজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত হোসেন ফাহিমের মৃত্যু হয়।
তথ্যসূত্র:
১। মাদক সেবনে বাধা দিতে গিয়ে প্রাণ গেল যুবকের, মূল আসামি গ্রেপ্তার
– https://tinyurl.com/59bffsew


