
দৈনিক ইত্তেফাকে বৃহস্পতিবার (১৮ জুন) ‘মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ অস্ত্র, গায়ে লেখা মেইড ইন পাকিস্তান’ শিরোনামে একটি পক্ষপাতদুষ্ট সংবাদ প্রকাশ হয়। যার শিরোনাম পাঠকদের অবচেতন মনে মাদরাসার প্রতি ঘৃণার উদ্রেক ঘটায়। অথচ, সেই একই সংবাদের বিস্তারিত অংশে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র।
সাভারের আশুলিয়ায় একটি মাদরাসার নির্মাণাধীন টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৪। বুধবার (১৭ জুন) আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত ‘তাহফিজুল কুরআনুল কারিম ফাজিল মাদরাসার’ নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৪ এর সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদরাসা প্রাঙ্গণের অভিভাবকদের ওয়েটিং রুমের পাশের নির্মাণাধীন ওয়াশরুমে মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য মজুদ করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় দুই সাক্ষীর উপস্থিতিতে ওয়াশরুমে তল্লাশি চালায়। একপর্যায়ে ওয়াশরুমের পূর্ব-দক্ষিণ কোণের টয়লেটের মেঝেতে কয়েকটি ইটের নিচে একটি ছেঁড়া হলুদ রঙের শপিং ব্যাগের ভেতর থেকে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রিভলবার এবং দুই রাউন্ড ২২ বোরের গুলিসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রটি পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তবে অস্ত্রটির উৎস তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। সেটির গায়ে ইংরেজিতে ‘মেইড ইন পাকিস্তান’ খোদাই করা লেখা দেখা গেছে।
র্যাব-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়েছে। এই অস্ত্রের মূল উৎস কী এবং কারা এটি মাদরাসায় এনে লুকিয়ে রেখেছিল, তা উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম ও তদন্ত চলমান রয়েছে। উদ্ধারকৃত আলামত আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং এই ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
দৈনিক ইত্তেফাক ছাড়াও আরও বেশ কিছু গণমাধ্যম মাদক ব্যবসায়ীদের এড়িয়ে এমনভাবে শিরোনাম তৈরি করেছে যেন মাদরাসার সংশ্লিষ্ট কেউ অস্ত্রের সঙ্গে জড়িত। এর মধ্যে রয়েছে টেলিভিশন চ্যানেল বাংলাভিশন ও আরটিভি। বাংলাভিশন শিরোনাম করেছে, ‘ঢাকার মাদরাসা থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র উদ্ধার’। আরটিভি শিরোনাম করেছে, ‘ঢাকার মাদরাসায় মিলল ‘মেইড ইন পকিস্তান’ লেখা অস্ত্র’।
তথ্যসূত্র:
১। মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ অস্ত্র, গায়ে লেখা ‘মেইড ইন পাকিস্তান’
– https://tinyurl.com/2sc4te2a


