
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় কয়েক মিনিটের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। রিখটার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার এই ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহরে বহু ভবন ধসে পড়েছে। শক্তিশালী এ ভূমিকম্পে ২৬ জুন, শুক্রবার পর্যন্ত অন্তত ২৩৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন।
এই ভূমিকম্পে উপকূলীয় লা গুয়াইরা থেকে রাজধানী কারাকাস পর্যন্ত বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। শক্তিশালী কম্পনে অসংখ্য বহুতল ভবন ধসে পড়ে এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। ভূমিকম্পের পর অন্তত ১০টির বেশি আফটারশক অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক বাসিন্দা পুরো রাত খোলা স্থানে অবস্থান করেন।
স্থানীয় সময় ২৪ জুন, বুধবার সন্ধ্যা ৬টায় ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে ১৬০ কিলোমিটার দূরে ইয়ারাকুই রাজ্যের রাজধানী সান ফেলিপের কাছে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর তীব্রতা ছিল ৭ দশমিক ২। এর মাত্র ৪০ সেকেন্ড পর একই রাজ্যে ৭ দশমিক ৫ তীব্রতার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইয়ারাকুই রাজ্যের ইউমারে শহরের প্রায় ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
ইউএসজিএসের তথ্যমতে, এটি ১৯০০ সালের পর ভেনেজুয়েলায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের পর রাতভর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়।
উদ্ধারকর্মীরা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। নিখোঁজ স্বজনদের খোঁজে হাসপাতাল, উদ্ধারকেন্দ্র ও ধ্বংসস্তূপের আশপাশে ভিড় করেন অসংখ্য মানুষ। আহত ব্যক্তিদের অনেককে স্ট্রেচারে করে সরিয়ে নিতে দেখা যায়।
ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ ক্ষয়ক্ষতির হালনাগাদ তথ্যে জানান, ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৮৮ থেকে বেড়ে ২৩৫ জনে পৌঁছেছে। আহতের সংখ্যা প্রায় ১ হাজার থেকে বেড়ে ৪ হাজার ৩০০ জনে দাঁড়িয়েছে। এছাড়া বহু মানুষ বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ২৫০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বা পুরোপুরি ধ্বংস হয়েছে।
ইউএসজিএসের পূর্বাভাসভিত্তিক মডেল বলছে, এই ভূমিকম্পে মৃতের সংখ্যা যে কয়েক হাজারে পৌঁছাবে, তা অনেকটা নিশ্চিত করে বলা যায়। এমনকি তা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ারও যথেষ্ট আশঙ্কা রয়েছে।
ভেনেজুয়েলার বিরোধী নেতাদের উদ্যোগে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। ওয়েবসাইটে এপর্যন্ত ৩৯ হাজারের বেশি মানুষকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বুধবার সরকারি ছুটি থাকায় অনেক মানুষ বাসায় ছিলেন। ফলে হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তথ্যসূত্র
1. Venezuela earthquakes live: Rescue efforts intensify as death toll hits 235
– https://tinyurl.com/yc3fz7fs
2. Venezuela earthquakes kill at least 235 and injure more than 4,300 as rescue efforts continue
– https://tinyurl.com/yc2xwunr


