
আফগানিস্তানের জ্বালানি অবকাঠামো উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প শেবেরঘান-আলওয়ান ৫০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হতে চলেছে। একই সঙ্গে খনিজ সম্পদ উন্নয়ন ও শিল্পায়নকে কেন্দ্র করে চলমান বিভিন্ন জাতীয় প্রকল্পের অগ্রগতিও সন্তোষজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আফগান ইনভেস্ট প্রাইভেট কোম্পানির কর্মকর্তারা সম্প্রতি ইমারাতে ইসলামিয়ার অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ-এর সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব তথ্য তুলে ধরেন। বৈঠকে তারা জানান, শেবেরঘান থেকে আলওয়ান দাশত পর্যন্ত ৫০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং আলওয়ান দাশত উপকেন্দ্র সম্প্রসারণ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। পরিকল্পনা অনুযায়ী আগামী চার মাসের মধ্যেই প্রকল্পটির কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
কোম্পানির প্রতিনিধিরা আরও জানান, ঘোর প্রদেশের তোলাক জেলায় অবস্থিত সীসা ও দস্তা খনির দ্বিতীয় ব্লকে অনুসন্ধান কার্যক্রমও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তারা নির্ধারিত সময়সীমার মধ্যেই অবশিষ্ট সব কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠকে মোল্লা আব্দুল গনি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ খনিজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শতভাগ খনিজ পরিশোধন সক্ষমতাসম্পন্ন একটি প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং এ ধরনের শিল্প স্থাপনার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেন।
সরকারি তথ্য অনুযায়ী, শেবেরঘান-আলওয়ান দাশত ৫০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন প্রকল্প চালু হলে তুর্কমেনিস্তান থেকে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির সুযোগ সৃষ্টি হবে। এর ফলে দেশের প্রায় ৬০ লাখ গ্রামীণ পরিবার বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে। পাশাপাশি জাতীয় কোষাগারে বছরে আনুমানিক ৪ কোটি ২০ লাখ ডলার রাজস্ব আয় যোগ হবে।
জাতীয় পর্যায়ের এই প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের জ্বালানি নিরাপত্তা, শিল্পায়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন গতি সঞ্চার করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
তথ্যসূত্র
1. Sheberghan-Alwan Desert 500 kV Power Project on Track for Early Completion
– https://tinyurl.com/bddy3sfm


