
চাঁদপুরের হাজীগঞ্জে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন ১১ নম্বর ওয়ার্ড রান্ধুনীমূড়া গ্রামের মুন্সী বাড়ি সংলগ্ন এলাকা থেকে নাইট গার্ডের (পাহারাদার) পোশাক পরিহিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। অজ্ঞাত ওই বৃদ্ধের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর।
স্থানীয় সূত্রে দৈনিক ইত্তেফাক জানায়, শনিবার সকালে পথচারী একজন নারী লাশটি দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করেন। এসময় স্থানীয়রা ছুটে হাজীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
স্থানীয় সংবাদকর্মী এসএম মিরাজ মুন্সী জানান, আমার বাড়ির পাশের নির্জন স্থানে হাত-পা ও মুখে স্কচটেপ বাঁধা অবস্থায় একজন বৃদ্ধার মৃতদেহ দেখতে পাই। তার শরীরে নাইটগার্ডের পোশাক ও মুখের ভিতর একটি বাঁশি রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে মেরে রাতের আঁধারে এখানে ফেলে গেছেন।
তিনি আরও জানান, নির্জন ওই স্থানের পাশে হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও আশপাশের বাড়িতে ক্লোজ-সার্কিট ক্যামেরা (সিটিটিভি) রয়েছে। এসব সিসিটিভির ফুটেজ দেখলেই এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের আটক ও রহস্য উদঘাটন করা যাবে।
তথ্যসূত্র:
১। চাঁদপুরে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার
– https://tinyurl.com/fhsaxwwu


