
আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তান থেকে পাচার করে আনা একটি অস্ত্রের চালান জব্দ করেছে ইমারতে ইসলামিয়ার প্রাদেশিক পুলিশ কমান্ড। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় পরিচালিত এক অভিযানে এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পাকতিকা প্রাদেশিক পুলিশ কমান্ডের মুখপাত্র মুনিব জাদরান হাফিযাহুল্লাহ জানান, দান্ড পাটান জেলার নরি এলাকায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে কালাশনিকভ রাইফেল, পিস্তল, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম রয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এসব অস্ত্র পাকিস্তান থেকে আফগানিস্তানে পাচার করা হচ্ছিল।
তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে অভিযানের সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অস্ত্র পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে নিরাপত্তা বাহিনী ব্যাপক তৎপরতা শুরু করেছে।
পুলিশ কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি অস্ত্র ও অবৈধ সামগ্রী পাচার প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে জব্দকৃত অস্ত্রের উৎস এবং পাচারচক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রমও চলমান রয়েছে।
তথ্যসূত্র
1.The Paktia Police Command has announced the seizure of a cache of weapons
– https://tinyurl.com/mrxhms34


