
সুনামগঞ্জের দিরাইয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মৃত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা ও হত্যাচেষ্টার মামলার রায় দীর্ঘ ২২ বছর পর ঘোষণা করা হয়েছে। মামলার আলোচিত আসামি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী (বর্তমানে প্রবাসী কল্যাণমন্ত্রী), সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জাতীয় সংসদের হুইপ জিকে গউছসহ আটজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
তবে একই মামলায় ছাত্র জমিয়ত শাহারপাড়া মাদ্রাসার সাবেক সাধারণ সম্পাদক হাফেজ সৈয়দ নাঈম আহমেদ আরিফকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করে। রায়ের বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আবুল হোসেন।
রায়ের পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের নিকট তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, জি কে গউছ ও লুৎফুজ্জামান বাবর। তারা জানায়, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের এ মামলায় জড়ানো হয়েছিল। মিথ্যা মামলার কারণে দীর্ঘদিন ধরে তাদের হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে। তারা রায়ে সন্তুষ্ট।
অন্যদিকে মৃত্যুদণ্ড দেওয়া হাফেজ নাঈমের পরিবারের জানান, দীর্ঘ ২০ বছর কারাগারে আটক রেখে কোনো প্রত্যক্ষ সাক্ষী বা জোরালো প্রমাণ ছাড়াই তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। সরকার দলীয় রাজনৈতিক নেতারা মুক্তি পেলেও একজন নিরীহ মাদ্রাসাছাত্রকে বলির পাঁঠা বানানো হয়েছে।
নাঈম আহমেদের ভাই সৈয়দ মারুফ আহমদ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, তারা রায়ে সন্তুষ্ট নন। এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।
এদিকে, সৈয়দ নাঈম আহমেদ আরিফকে মৃত্যুদণ্ড দেওয়ার রায় পুনর্বিবেচনার দাবি জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। সংগঠনটি জানায়, একই মামলার অন্যান্য গুরুত্বপূর্ণ আসামিরা খালাস পেলেও দীর্ঘ প্রায় ২০ বছর কারাভোগের পর কেবল নাঈমের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, যা বিচারিক বৈষম্য ও ন্যায়বিচার নিয়ে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী। বিবৃতিতে তিনি অবিলম্বে এ রায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ, নিরপেক্ষ বিচার নিশ্চিত করা এবং নাঈমের প্রতি সুবিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।
তথ্যসূত্র:
১। আরিফ, বাবর, গউছ বেকসুর খালাস, একজনের মৃত্যুদণ্ড
– https://tinyurl.com/mt5arx8c
২। হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার দাবি ছাত্র জমিয়তের
– https://tinyurl.com/yvu3zju3


