
ময়মনসিংহের মুক্তাগাছায় চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৮ বছর বয়সি এক শিশুকে ধর্ষণ করেছে সুমন আহমেদ নামে এক যুবক। ঘটনার পর প্রতিবেশী এ যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।
গত ১১ জুলাই দৈনিক যুগান্তর এক প্রতিবেদনে জানায়, উপজেলার মানকোন ইউনিয়নের একটি গ্রামে সোমবার (৬ জুলাই) বিকাল ৩টার দিকে বাড়ির পাশে খেলছিলেন শিশুটি। এ সময় অভিযুক্ত সুমন তাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে পাশের একটি নির্মাণাধীন ভবনের টিউবওয়েল কক্ষে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে।
পরে শিশুটিকে বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেয় সুমন। ভয়ে শিশু ও পরিবারের লোকজন বিষয়টি গোপন রাখেন। পরবর্তীতে ওই শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়ে যায়। এতে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত সুমনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয় এবং ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সুমনকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার বাদী সাংবাদিকদের বলেন, সুমন প্রতিবেশী হয়েও কিভাবে একটি ছোট শিশুর সঙ্গে চকলেটের লোভ দেখিয়ে এ ধরনের কাজ করতে পারল। আমি তার উপযুক্ত শাস্তি চাই।
মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম সাংবাদিকদের জানায়, শিশু ধর্ষণের বিষয়ে থানায় একটি মামলা হয়েছে এবং অভিযুক্ত আসামি সুমন ধর্ষণের ঘটনা স্বীকার করেছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তথ্যসূত্র:
১। গণধোলাই দিয়ে ধর্ষককে পুলিশে দিলেন এলাকাবাসী
– https://tinyurl.com/mrtz7f7f


